সংসদ সদস্য এ্যানী রহমান আর নেই

সংসদ সদস্য এ্যানী রহমান আর নেই

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২ । আপডেট ১৭:৪০

পিরোজপুরের সংরক্ষিত নারী আসন-১৯ এর সংসদ সদস্য শেখ এ্যানী রহমান মারা গেছেন। মঙ্গলবার (১১ অক্টোবর) বেলা ১টা ৪৫ মিনিটে ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শেখ এ্যানী রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চাচাতো ভাই শেখ হাফিজুর রহমানের স্ত্রী ও সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচি।

সংসদ সদস্য শেখ এ্যানী রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শোক বার্তায় সরকারপ্রধান বলেন, শেখ এ্যানী রহমান ছিলেন আওয়ামী রাজনৈতিক পরিবারের সন্তান এবং একজন কর্মীবান্ধব নেতা। তিনি এলাকার উন্নয়নে সব সময় উদ্যোমী ছিলেন।প্রধানমন্ত্রী তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রসঙ্গত, তার বাবা এনায়েত হোসেন খান ছিলেন তৎকালীন বাকেরগঞ্জ-১৬ আসনের সংসদ সদস্য এবং জেলা আওয়ামী লীগের সভাপতি। ২০১৯ সালে ২০ ফেব্রুয়ারি সংসদ সদস্য হিসেবে শপথ নেন এ্যানী।পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাকসুদুর রহমান লিটন গণমাধ্যমকে জানান, এ্যানী রহমান ক্যান্সারসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যকালে তার বয়স হয়েছিলো ৬৩ বছর। তিনি স্বামী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

এ্যানী রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করে ফেসবুক পোস্টে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, তিনি আমার কাছে ছিলেন চাচি। আল্লাহ চাচিকে বেহেশত নসীব করুন। তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাগফেরাত কামনা করছি। শ্রদ্ধেয় শেখ হাফিজুর রহমান চাচাসহ তার শোকসন্তপ্ত পরিবারের সবার প্রতি গভীর সমবেদনা জানাই।

এছাড়া মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়াল, পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. হাবিবুর রহমান মালেক, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মজিবুর রহমান খালেক ও কেন্দ্রীয় যুবলীগের কার্যনির্বাহী সদস্য মসিউর রহমান মহারাজসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দরা এ্যানী রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading