জনগণের কষ্টকে পুঁজি করে অপরাজনীতি করছে বিএনপি : ওবায়দুল কাদের
উত্তরদক্ষিণ । শুক্রবার, ১৪ অক্টোবর ২০২২ । আপডেট ১৫:৫০
বৈশ্বিক সংকটের বাস্তবতা অনুধাবন না করেই জনগণের কষ্টকে পুঁজি করে রাজনীতি করার অপচেষ্টা করছেন বিএনপি নেতারা বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার (১৪ অক্টোবর) এক বিবৃতিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ‘ভিত্তিহীন, আজগুবি ও রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্যের’ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি এ অভিযোগ করেন।
বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে সৃষ্ট সংকট বিশ্বব্যাপী। বিশ্বের সব দেশই এই সংকট মোকাবিলা করছে এবং আগামীতে এই সংকট গভীরতর হলে তা কীভাবে মোকাবিলা করবে, তার দিশা খুঁজছে। বিএনপি মহাসচিবের কাছে প্রশ্ন— বিশ্বের সব দেশের প্রধানমন্ত্রীই কি তাহলে পদত্যাগ করবেন? বাংলাদেশ বিচ্ছিন্ন কোনও দ্বীপ নয়। বিশ্বব্যাপী এ সংকট আমাদের সৃষ্ট না হলেও তার প্রভাব বাংলাদেশের ওপরে পড়েছে। আগামী বছর থেকে বিশ্বমন্দার আশঙ্কা করছে বিশ্বব্যাংক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দূরদর্শী বলেই আগাম সতর্কতামূলক ব্যবস্থা নিতে বলেছেন এবং বেশি বেশি খাদ্য উৎপাদনের কথা বলেছেন। কিন্তু অপরিণামদর্শী বিএনপি নেতারা বৈশ্বিক সংকটের বাস্তবতা অনুধাবন না করেই গলার জোরে কথা বলছেন এবং জনগণের কষ্টকে পুঁজি করে রাজনীতি করার অপচেষ্টা করছেন।
বিবৃতিতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি মহাসচিব বলেছেন, আন্দোলনে পতন হবে এই সরকারের। গত একযুগেরও বেশি সময় ধরে বিএনপি মহাসচিব তাদের হতাশ নেতাকর্মীদের চাঙ্গা করতে এমনটা বলে আসছেন। সরকার পতনের লক্ষ্যে তারা কখনও শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলন, কখনও ভাস্কর্যবিরোধী আন্দোলন এবং কখনও শিক্ষার্থীদের নিরাপদ সড়ক আন্দোলনের ওপরে ভর করেছে। কিন্তু সব ক্ষেত্রেই বিএনপি ব্যর্থ হয়েছে। বিএনপি নেতারা সবসময় সরকারের পতন কামনা করেন। কিন্তু শকুনের দোয়ায় যেমন গরু মরে না, তেমনই বিএনপি’র দোয়ায়ও সরকারের পতন হবে না। সরকার পদত্যাগের যে অলীক স্বপ্ন বিএনপি নেতারা দেখছেন এবং তাদের কর্মীদের দেখাচ্ছেন— তা বাস্তবে কখনও ঘটবে না। ক্ষমতা দেবার মালিক আল্লাহ এবং ক্ষমতার উৎস দেশের জনগণ। জনগণ যতদিন চাইবে শেখ হাসিনার সরকার ততদিন ক্ষমতায় থাকবে। বিএনপি নেতাদের কথায় সরকারের পতন হবে না।
ইউডি/সুপ্ত

