এসপিআর প্রোগ্রাম: আরও দেড় কোটি ব্যারেল তেল ছাড়বে আমেরিকা
উত্তরদক্ষিণ । বুধবার, ১৯ অক্টোবর ২০২২। আপডেট ১৯:১৫
আমেরিকার মজুদ থেকে দেড় কোটি ব্যারেল অপরিশোধিত তেল ছাড়ার ঘোষণা দিতে যাচ্ছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। আজ বুধবার (১৯ অক্টোবর) তিনি এই ঘোষণা দেবেন বলে জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা।
আমেরিকার এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, এসপিআর ডেলিভারি প্রোগ্রামের অংশ হিসেবে এই তেল ছাড়ার ঘোষণা দেবেন প্রেসিডেন্ট বাইডেন। এই প্রোগ্রাম মার্চে শুরু হয়েছিল এবং ডিসেম্বর পর্যন্ত চলবে। এর আগে ১৮ কোটি ব্যারেল তেল মজুদ থেকে বিক্রি করার কথা জানিয়েছিল দেশটি। সেই পরিকল্পনার সঙ্গে অতিরিক্ত আরও দেড় কোটি ব্যারেল তেল ছাড়ার ঘোষণা দেওয়া হবে এবার।
প্রসঙ্গত, এখন পর্যন্ত এসপিআর প্রোগ্রামের অংশ হিসেবে আমেরিকা ১৬৫ মিলিয়ন (সাড়ে ১৬ কোটি) ব্যারেল অপরিশোধিত তেল ছেড়েছে।
ইউডি/সুপ্ত

