বাংলাদেশের বিপক্ষেই সুযোগ দেখছে নেদারল্যান্ডস
উত্তরদক্ষিণ । রবিবার, ২৩ অক্টোবর ২০২২। আপডেট ১৬:০০
সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামার আগে প্রস্তুতির দিক থেকে দুই রকম অবস্থানে আছে নেদারল্যান্ডস ও বাংলাদেশ। তিন ম্যাচের দুটিতে জিতে প্রাথমিক পর্ব উতরে এসেছে নেদারল্যান্ডস। অন্যদিকে, একটি প্রস্তুতি ম্যাচ ভেসে যাওয়ার সঙ্গে বৃষ্টির বাগড়ায় ব্যহত হয়েছে বাংলাদেশের অনুশীলনও। সাকিব আল হাসানদের এই ঘাটতির জায়গা কাজে লাগাতে উন্মুখ থাকার কথা জানালেন নেদারল্যান্ডসের অভিজ্ঞ ব্যাটসম্যান টম কুপার।
তিনি বলেন, সুপার টুয়েলভে কিছু শক্তিশালী দল রয়েছে। তবে আমরা আমাদের সুযোগ (বাংলাদেশ ও জিম্বাবুয়ের বিপক্ষে) দেখছি। আমরা কিছু প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ খেলে এসেছি। বাংলাদেশ মাত্র শুরু করছে। তাদের একটি (প্রস্তুতি) ম্যাচ ভেসে গেছে, মাত্র একটি ম্যাচ খেলতে পেরেছে। আমরা খেলার মধ্যেই আছি। আপনারা বলছেন এটি (বাংলাদেশের বিপক্ষে নেদারল্যান্ডস জিতলে) হয়তো অঘটন হবে। কিন্তু আমি সেভাবে দেখছি না। আমরা এখানে লড়াই করতে এসেছি। অতীতে আমরা তাদের বিপক্ষে সমানে সমান খেলেছি। আগামীকাল (সোমবার) তাদের হারাতে না পারার কোনো কারণ দেখছি না।
হোবার্টে বাংলাদেশ সময় আগামীকাল সোমবার সকাল ১০টায় মুখোমুখি হবে এই দুই দল। যাদের সবশেষ দেখা হয়েছিল প্রায় ছয় বছর আগে, ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে। টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা একমাত্র ম্যাচে বাংলাদেশকে হারাতে পারেনি ডাচরা। তবে এই সংস্করণে সব মিলিয়ে খেলা তিন ম্যাচের একটিতে জয় রয়েছে তাদের। ঘরের মাঠে ২০১২ সালে বাংলাদেশের বিপক্ষে ১ উইকেটে জিতেছিল নেদারল্যান্ডস।
ইউডি/সুপ্ত

