অনিয়ম-অব্যবস্থাপনায় বিশ্ব চ্যাম্পিয়ন বাংলাদেশ: জিএম কাদের
উত্তরদক্ষিণ । রবিবার, ২৩ অক্টোবর ২০২২। আপডেট ১৭:৫৫
জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন অব্যবস্থাপনা ও অনিয়মের দিক দিয়ে সারাবিশ্বে জরিপ করা হলে বাংলাদেশের কাছাকাছি কোনো দেশ নেই। অব্যবস্থাপনায় বিশ্ব চ্যাম্পিয়ন বাংলাদেশ।
রবিবার (২৩ অক্টোবর) দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় উপজেলা দিবস উপলক্ষে জাতীয় পার্টি আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
খাদ্যের অভাবে কখনো দুর্ভিক্ষ হয় না বলে উল্লেখ করে জিএম কাদের বলেন, দেশে একনায়কতন্ত্র চললে সেদেশে দুর্ভিক্ষ হবেই। গণতন্ত্র না থাকলে বৈষম্য সৃষ্টি হয়। বৈষম্য থেকেই দেখা দেয় দুর্ভিক্ষ। জাতিসংঘের খাদ্যবিষয়ক একটি প্রতিষ্ঠানের উদ্বৃতি দিয় জাপা চেয়ারম্যান বলেন, বিশ্বের ৪৫টি দেশে খাদ্য সংকট হবে। তারমধ্যে এশিয়ার নয়টি আর দক্ষিণ এশিয়ার তিনটি দেশের মধ্যে বাংলাদেশের নাম আছে।
দিন দিন বাংলাদেশের রিজার্ভ কমে যাচ্ছে বলে উল্লেখ করে জিএম কাদের বলেন, আবার আগামী বছর থেকে সুদ ও আসলসহ ২২ বিলিয়ন ডলার শোধ করতে হবে। তখন মারাত্মক অর্থনৈতিক সংকটে পড়তে পারে দেশ। যখন মেগা প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকা ব্যয় করা হচ্ছে, তখন শুধু সুইস ব্যাংকেই পাচার হয়েছে ৪ লাখ কোটি টাকা।
ইউডি/সুপ্ত

