ঘূর্ণিঝড় সিত্রাং: তিন বিমানবন্দরে উড্ডয়ন-অবতরণ বন্ধ
উত্তরদক্ষিণ। সোমবার, ২৪ অক্টোবর ২০২২। আপডেট ১৫:৪০
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এবং কক্সবাজার ও বরিশাল বিমানবন্দর আজ সোমবার (২৪ অক্টোবর) বিকেল ৩টা থেকে মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে উপকূলীয় অঞ্চলের তিনটি বিমানবন্দরে উড্ডয়ন এবং সার্বিক নিরাপত্তার বিষয় বিবেচনা করে উড্ডয়ন/অবতরণ কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।
বেবিচক এক বিজ্ঞপ্তিতে জানায়, আবহাওয়া পূর্বাভাসের প্রেক্ষিতে ঘূর্ণিঝড় সিত্রাং-এর সম্ভাব্য প্রভাবের বিষয়ে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে উপকুলীয় অঞ্চলের তিনটি বিমানবন্দরের উড্ডয়ন এবং সার্বিক নিরাপত্তার বিষয় বিবেচনা করে উড্ডয়ন/অবতরণ কার্যক্রম বন্ধ রাখার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় নোটাম জারি করা হয়েছে।
আবহাওয়া পরিস্থিতি বিবেচনা সাপেক্ষে পরবর্তীতে উড্ডয়ন কার্যক্রম পুনরায় চালু করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।
ইউডি/সুপ্ত

