টি-টোয়েন্টি বিশ্বকাপ: আজ শ্রীলংকার মুখোমুখি অস্ট্রেলিয়া
উত্তরদক্ষিণ । মঙ্গলবার , ২৫ অক্টোবর ২০২২। আপডেট ০৭:০০
নিউজিল্যান্ডের কাছে নিজেদের প্রথম ম্যাচে হার দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচে হারের পর আজ গ্রুপ-১তে সুপার টুয়েলভে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলংকার মুখোমুখি হবে স্বাগতিকরা। তাই ভাল ক্রিকেট খেলে এবারের আসরে প্রথম জয় তুলে নিতে লংকানদের বিপক্ষে মরিয়া অসিরা। পক্ষান্তরে দাপুটে জয়ে সুপার টুয়েলভ শুরু করা শ্রীলংকার লক্ষ্য মঅস্ট্রেলিয়াকে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নেয়া। পার্থ স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৫টায় শুরু হবে অস্ট্রেলিয়া-শ্রীলংকার ম্যাচ।
প্রথম ম্যাচে হারের স্মৃতি ভুলে গিয়ে নতুনভাবে পথ চলতে চান অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ। তিনি বলেন, প্রথম ম্যাচে আমাদের অনেক ভুল ছিলো। পরিকল্পনা অনুযায়ী কোন কিছুই হয়নি। বোলাররা ভালো করতে পারেনি। ব্যাটররা বড় ইনিংস খেলতে ব্যর্থ হয়েছে। তবে এসব ভুলে নতুনভাবে সবকিছু শুরু করতে চাই আমরা। সবকিছু এখনও শেষ হয়ে যায়নি। এই পর্বে আরও চারটি ম্যাচ রয়েছে। এখন থেকেই সর্তক হতে হবে আমাদের।
সুপার টুয়েলভে দুর্দান্ত শুরুতে আত্মবিশ্বাসী শ্রীলংকা এবার স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষেও জয় তুলে নিতে চায়। অধিনায়ক দাসুন শানাকা বলেন, আমরা জয়ের ধারায় আছি। এই মোমেন্টামটা ধরে রাখতে চাই। নিজেদের কন্ডিশনে অস্ট্রেলিয়া শক্তিশালী দল। তারপরও অসিদের হারানোর সামর্থ্য আমাদের আছে।
এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে ২৫ ম্যাচে মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া ও শ্রীলংকা। জয়ের পাল্লা ভারী অস্ট্রেলিয়ার দিকে। অসিদের জয় ১৪টি। শ্রীলংকার জয় ১০টিতে। ১টি ম্যাচ টাই হয়। টাই হওয়া ম্যাচটি সুপার ওভারে জিতেছিলো অস্ট্রেলিয়া।
ইউডি/সুস্মিত

