পায়রা সমুদ্রবন্দর: প্রধানমন্ত্রী বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করবেন কাল

পায়রা সমুদ্রবন্দর: প্রধানমন্ত্রী বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করবেন কাল

উত্তরদক্ষিণ । বুধবার, ২৬ অক্টোবর ২০২২। আপডেট ২২:৩০

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল বৃহস্পতিবার (২৭ অক্টোবর) পায়রা সমুদ্রবন্দরে আরও ভালো সুযোগ-সুবিধাসহ-এর সুষ্ঠু কার্যক্রম নিশ্চিত করতে বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বলে আশা করা হচ্ছে। উন্নয়ন কাজের মধ্যে রয়েছে বন্দরের ক্যাপিটাল ড্রেজিং, আটটি জাহাজের উদ্বোধন, প্রথম টার্মিনাল এবং ছয় লেনের সংযোগ সড়ক ও একটি সেতু নির্মাণ। বুধবার (২৬ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানা যায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে প্রায় ১১,০৭২ কোটি টাকার উন্নয়ন প্রকল্পগুলো ভার্চুয়ালি উদ্বোধন করবেন। সমুদ্রবন্দরের রাবনাবাদ চ্যানেলের ক্যাপিটাল ড্রেজিংয়ে একটি ৭৫ কিলোমিটার দীর্ঘ, ১০০-১২৫ মিটার-চওড়া এবং ১০ দশমিক ৫ মিটার-গভীর চ্যানেল তৈরি হবে, যা বন্দরে ৪০ হাজার টন কার্গো বা ৩ হাজারটি কনটেইনার বোঝাই জাহাজ ডক করার সক্ষমতা তৈরি করবে।
ক্যাপিটাল ড্রেজিং চ্যানেলে আনুমানিক ৪,৯৫০ কোটি টাকা খরচ হবে এবং বেলজিয়াম ভিত্তিক ড্রেজিং কোম্পানি – জান ডি নুল ড্রেজিংয়ের কাজ করবে।

পায়রা সমুদ্রবন্দরের জন্য ২০৯.৭৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত জাহাজ ও নৌযানগুলো বন্দর কর্তৃপক্ষকে বিদেশী জাহাজের আগমন ও প্রস্থান পর্যবেক্ষণ এবং চ্যানেল রক্ষণাবেক্ষণে সহায়তা করবে।২টি পাইলট ভেসেল, ২টি হেভি ডিউটি স্পিডবোট, একটি বয় লেইং ভেসেল, একটি সার্ভে বোট এবং দুটি টাগবোটসহ আগামীকাল আটটি জাহাজের উদ্বোধন করা হবে। প্রথম টার্মিনাল, ছয় লেনের মহাসড়ক এবং সেতুর নির্মাণ কাজ শেষ হলে পায়রা সমুদ্রবন্দরে তিনটি বিদেশী জাহাজ একযোগে কন্টেইনার বা বাল্ক কার্গো ডক করতে পারবে।৪,৫১৬.৭৫ কোটি টাকা ব্যয়ে প্রথম টার্মিনালের নির্মাণ কাজ শেষ করে ২০২৩ সালের ডিসেম্বরের মধ্যে এটি চালু করা হবে।৬.৩৫ কিলোমিটার দীর্ঘ ছয় লেনের সংযোগ সড়কটি সড়ক ও জনপথ বিভাগ (সওজ) নির্মাণ করছে।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading