রউফের বাউন্সারে ডাচ ক্রিকেটারের চোখের নিচে ৬ সেলাই

রউফের বাউন্সারে ডাচ ক্রিকেটারের চোখের নিচে ৬ সেলাই

উত্তরদক্ষিণ । সোমবার, ৩১ অক্টোবর ২০২২। আপডেট ১০:৪০

পাকিস্তানি পেসার হারিস রউফের গতিময় বাউন্সার বড় বিপদ ডেকে এনেছে বাস ডে লেডের জন্য। চোখের নিচে কেটে গেছে নেদারল্যান্ডসের এই অলরাউন্ডারের। দিতে হয়েছে ৬ সেলাই।

পার্থে টি-টোয়েন্টি বিশ্বকাপে রবিবার (৩০ অক্টোবর) পাকিস্তান ও নেদারল্যান্ডস ম্যাচে ঘটে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা। ডে লেডের কনকাশন বদলি হিসেবে খেলেন লোগান ফন বিককে।ইনিংসের তৃতীয় ওভারে দলে ফেরা স্টেফান মাইবার্গ আউট হলে উইকেটে যান ডে লেডে। ১ চারে তখন ৬ রানে খেলছিলেন তিনি।

পাওয়ার প্লের শেষ ওভারে আক্রমণে আসা রউফ একের পর এক গতিময় বলে পরাস্ত করতে থাকেন ডে লেডেকে। ওভারের পঞ্চম বলটি ছিল ১৪২ কিমি গতির শরীর তাক করা বাউন্সার। ডে লেডে পুল করার চেষ্টায় ব্যাটে খেলতে পারেননি। বল আঘাত হানে তার হেলমেটের গ্রিলে। তখনই আভাস পাওয়া যায় গুরুতর চোটের। পরে হেলমেট খোলার পর দেখা যায় তার ডান চোখের নিচে কেটে গেছে।

সঙ্গে সঙ্গে মাঠে ঢোকেন দলটির চিকিৎসকরা। চোটের অবস্থা খারাপ দেখে কিছুক্ষণ পর ডে লেডেকে নিয়ে মাঠ ছাড়েন তারা। পরে ম্যাচের এক পর্যায়ে টিভি ক্যামেরায় দেখা যায় ডাগ আউটে বসে আছেন তিনি। তার ডান চোখ ফুলে গেছে এবং কিছু অংশ কালোও হয়ে গেছে। তবে হাসি মুখেই সতীর্থদের সঙ্গে কথা বলতে দেখা যায় তাকে। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ খেলছিলেন ডে লেডে। প্রাথমিক পর্বে নেদারল্যান্ডসের দুই জয়ের নায়ক ছিলেন তিনিই।

ইউডি/আতা

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading