ইমরান খানের বক্তৃতা সম্প্রচারের নিষেধাজ্ঞা প্রত্যাহার

ইমরান খানের বক্তৃতা সম্প্রচারের নিষেধাজ্ঞা প্রত্যাহার

উত্তরদক্ষিণ । রবিবার, ০৬ নভেম্বর ২০২২ । আপডেট ১৩:২২

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বক্তৃতা এবং সংবাদ সম্মেলন সম্প্রচারের উপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে দেশটির সরকার। শনিবার এমন সিদ্ধান্তের কথা জানায় শাহবাজ শরিফ সরকার।

তথ্যমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব এক বিবৃতিতে বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের নির্দেশে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।’

পাকিস্তানের এই তথ্যমন্ত্রী বলেন, ‘পাকিস্তান ইলেক্ট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটির সংবিধানের ১৯ অনুচ্ছেদের অধীনে আইনী প্রয়োজনীয়তার বাস্তবায়ন নিশ্চিত করা উচিত।’

সম্প্রতি সমাবেশ লং মার্চের সময় গুলিবিদ্ধ হন ইমরান খান। এর জন্য তিনি সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। তবে ইমরান খানের এসব অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করেছে পাক সেনাবাহিনী ও সরকার।

তিন মাসেরও কম সময়ের মধ্যে এই দ্বিতীয়বার পাকিস্তান ইলেক্ট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি ইমরান খানের ওপর এমন নিষেধাজ্ঞা জারি করে।

এর আগে গত আগস্টে কর্তৃপক্ষ একই ভিত্তিতে ইমরান খানের বক্তৃতা সরাসরি সম্প্রচারের উপর নিষেধাজ্ঞা আরোপ করে। ইসলামাবাদ হাইকোর্ট কয়েকদিন পর এই নিষেধাজ্ঞা বাতিল করে দেয়।

বৃহস্পতিবার উত্তর-পূর্ব পাঞ্জাব প্রদেশের ওয়াজিরাবাদ জেলায় লং মার্চে নেতৃত্ব দেওয়ার সময় খান গুলিবিদ্ধ হয়ে আহত হন।

হামলায় অন্তত একজন নিহত এবং দুই আইন প্রণেতাসহ এক ডজনেরও বেশি আহত হন। এই ঘটনা সারা বিশ্বে ব্যাপক প্রতিবাদ ও নিন্দার জন্ম দিয়েছে।

আগাম নির্বাচনের জন্য সরকারকে চাপ দেওয়ার প্রয়াসে ২৮ অক্টোবর ‘লং মার্চ’ শুরু করেন ইমরান খান। পার্লামেন্টে অনাস্থা প্রস্তাব পাস হওয়ার পর এপ্রিলে তাকে প্রধানমন্ত্রী পদ থেকে অপসারণ করা হয়।

সূত্র: আনাদুলু এজেন্সি

ইউডি/এআই

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading