ইরানের সঙ্গে আলোচনা সোমবার, পাকিস্তানে প্রতিনিধিদল পাঠাচ্ছে আমেরিকা
উত্তরদক্ষিণ। রবিবার (১৯ এপ্রিল) ২০২৬, আপডেট ২০:৫০
ইরানের সঙ্গে দ্বিতীয় দফার সরাসরি আলোচনায় বসতে যাচ্ছে আমেরিকা। সোমবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এই আলোচনা অনুষ্ঠিত হবে। রবিবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ তথ্য জানিয়েছেন।
হোয়াইট হাউস নিশ্চিত করেছে যে, এবারের আলোচনায়ও আমেরিকার একই প্রতিনিধি দল অংশ নেবে। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে মার্কিন প্রতিনিধি দলে আরও থাকবেন বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার।
আলোচনার প্রস্তুতির মধ্যেই ইরানকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। শনিবার হরমুজ প্রণালিতে ইরান গুলি চালিয়ে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছেন তিনি। ট্রাম্প হুমকি দিয়েছেন, আমেরিকা যে প্রস্তাব দিচ্ছে, ইরান যদি তা গ্রহণ না করে, তবে তাদের সব বেসামরিক অবকাঠামো ধ্বংস করে দেওয়া হবে।
এ বিষয়ে ট্রাম্প লিখেছেন, ‘যদি তারা (প্রস্তাব) গ্রহণ না করে, তবে আমেরিকা ইরানের প্রতিটি বিদ্যুৎকেন্দ্র এবং প্রতিটি সেতু ধ্বংস করে দেবে।’
এর আগে, প্রথম দফার আলোচনায় ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স নেতৃত্ব দিয়েছিলেন।
সূত্র: এপি
ইউডি/এবি

