টি-টোয়েন্টি বিশ্বকাপ: ফাইনালের মঞ্চে উঠার লড়াইয়ে নিউজিল্যান্ড-পাকিস্তান
উত্তরদক্ষিণ । বুধবার, ০৯ নভেম্বর ২০২২ । আপডেট ১২:৩০
টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের উত্তাপ শুরু হচ্ছে আজ। প্রথম সেমিতে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে মাঠে নামবে নিউজিল্যান্ড ও পাকিস্তান। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দুইটায়।
গ্রুপ ‘এ’-র চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে পা রেখেছে নিউজিল্যান্ড। অপরদিকে ‘বি’- গ্রুপে শেষ মুহূর্তের অনিশ্চয়তা কাটিয়ে রানার্সআপ হয়ে সেমির টিকেট পেয়েছে পাকিস্তান। এবার দুদল মুখোমুখি হবে ফাইনালে যাওয়ার মিশনে।
সিডনির পিচ ব্যাটসম্যানদের জন্য স্বর্গরূপে আবির্ভূত হবে আজ। রিপোর্ট বলছে, ২০০ রান তোলা সম্ভব। সেক্ষেত্রে টস খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নিউজিল্যান্ডের সুবিধা, তারা সবসময় সেখানে খেলে। ব্যাটিং অর্ডারে অধিনায়ক কেইন উইলিয়ামস ছাড়া চিন্তা নেই কাউকে নিয়ে। নামটি উইলিয়ামস বলে চিন্তার মাঝেও ভরসা করতে পারে ব্ল্যাকক্যাপরা।
পাকিস্তানের বড় শক্তি বোলিং। শাহিন শাহ আফ্রিদির নেতৃত্বে দুর্দান্ত পেস আক্রমণের পাশাপাশি অলরাউন্ডার শাদাব খানের কার্যকরী ভূমিকা নির্ভার রাখছে অধিনায়ক বাবর আজমকে। বাংলাদেশের বিপক্ষে শেষ ম্যাচে ঘুরে দাঁড়ানোর আত্মবিশ্বাস তো তাজা সঙ্গী।
এখনও টি-টোয়েন্টি বিশ্বকাপের স্বাদ পায়নি নিউজিল্যান্ড। ২০০৯ এর পর শিরোপা অধরা পাকিস্তানের। নিউজিল্যান্ড সবার আগে সেমিতে এলেও পাকিস্তান এসেছে ধুঁকে ধুঁকে। তবে মাঠে নামার আগে পুরোনো কথা ভুলে ফাইনালে উঠতে সম্ভাব্য সবই করবে দুই দল, সেটি না বললেও চলে।সবকিছুর উত্তর জানা যাবে আজ। সিডনিতে ফাইনালের টিকেট পেতে দুদলই লড়বে সমানে সমান।
ইউডি/সুপ্ত

