আঁধার পেরিয়ে স্টোকস বিচ্ছুরণ
উত্তরদক্ষিণ । সোমবার, ১৪ নভেম্বর ২০২২ । আপডেট ১২: ৫৫
২০১৬ সালের ইডেন গার্ডেনের সেই কান্না এখনও ভুলেননি ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস। টি-টোয়েন্টি বিশ্বকাপের ষষ্ঠ আসরের সেই ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ওভারে বল করে নিজ দেশের হয়ে লড়াই করতে ব্যর্থ হয়েছিলেন এই পেস বোলিং অলরাউন্ডার। তবে ইডেনের সেই কান্না এবার মেলবোর্নে মুছলেন ইংলিশ ক্রিকেটার।
বিশ্বকাপের অষ্টম আসরের ফাইনালে স্টোকসের ব্যাটে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে বিশ্বকাপ ঘরে তুলল ইংল্যান্ড। এই জয়ে দীর্ঘ ১২ বছর পর পল কলিংউডের উত্তরসূরি হিসেবে ইংলিশদের হয়ে দ্বিতীয়বারের মতো ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের শিরোপা জিতল জস বাটলারের নেতৃত্বাধীন ‘থ্রি লায়ন্স’। আর সেই সঙ্গে খলনায়ক থেকে নায়ক বনে গেলেন বেনজামিন আন্ড্রু স্টোকস।
১৩৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে পাওয়ার প্লে শেষে ইংল্যান্ড ৩ উইকেট হারিয়ে ৪৯ রান সংগ্রহ করে। মিডেল ওভারে পাকিস্তান বোলারদের দেখেশুনে খেলতে থাকে বেন স্টোকস ও হ্যারি ব্রুকস। শাদাব খানদের নিয়ন্ত্রিত বোলিংয়ে চাপে পড়ে ইংলিশ ব্যাটাররা। ১৩তম ওভারে ব্রুকস বিদায় নিলে ম্যাচে ফিরে পাকিস্তান।
কিন্তু এক প্রান্তে দাঁড়িয়ে থাকা বেন স্টোকস আগ্রাসী ভূমিকায় অবতীর্ণ হন। ইডেনের সেই আক্ষেপ ঘুচানোর জন্য যেন আজকের দিনটিই যেন ঠিক করে রেখেছিলেন এই অলরাউন্ডার। ৪৯ বলে অপরাজিত ৫২ রানের ইনিংস খেলে ইংলিশদের টি-টোয়েন্টিতে দ্বিতীয় শিরোপা নিশ্চিত করেছেন তিনি।
ম্যাচ শেষে অবশ্য তিনি জয়ের কৃতিত্ব দিয়েছেন বোলারদের। তরুণ তুর্কি স্যাম কারান ১২ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। আদিল রশিদ ৪ ওভারে ২২ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। স্টোকসের মতে, ‘রান চেজ করে জিতলে আগে কী কী ঘটেছে তা সবাই ভুলে যায়। এই ম্যাচে আমাদের জয়ের নায়ক আসলে বোলাররা।’
২০১৬ সালের দুঃস্বপ্ন ভুলে ইংলিশদের ২০১৯ সালে একক কৃতিত্বে ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জিতিয়েছিলেন স্টোকস। তবে সেই ইডেনের আক্ষেপটা যেন দীর্ঘ দিন ধরে মনেপ্রাণে লালন পালন করছিলেন এই ইংলিশ ক্রিকেটার।
মেলবোর্নে আজ দেশের জন্য আরেকটি বিশ্বকাপ শিরোপা নিশ্চিত করে নিজের যেমন আক্ষেপ মোচন করেছেন তেমনি ইতিহাসের পাতায়ও নাম লিখিয়েছেন তিনি।
ইউডি/আতা

