ডেঙ্গু: আক্রান্ত রোগীর সংখ্যা ছাড়াল ৫০ হাজার, একদিনে মৃত্যু আরও ৩
উত্তরদক্ষিণ । বুধবার, ১৬ নভেম্বর ২০২২ । আপডেট ১৮:১৫
চলতি বছর দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছাড়াল ৫০ হাজার। গত একদিনে নতুন করে আক্রান্ত ৭৬৭ জন নিয়ে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫০ হাজার ৭৫৯ জনে। বুধবার (১৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেয়া তথ্য থেকে এসব জানা যায়।
এদিকে, গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন আরও তিন জন। তাতে এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ২১৬ জন। গত একদিনে ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৪৬৪ জন ঢাকার এবং ঢাকার বাইরে ৩০৩ জন। আর এ মাসে এখন পর্যন্ত ১২ হাজার ৭৩৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদফতর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে বর্তমানে ২ হাজার ৭২৯ জন রোগী ভর্তি আছে। এর মধ্যে ঢাকাতেই আছে ১ হাজার ৫২৮ জন। বাকি ১ হাজার ২০১ জন ঢাকার বাইরে অন্য বিভাগে।
এ বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হওয়া ৫০ হাজার ৭৫৯ জন রোগীর মধ্যে ছাড়া পেয়েছেন ৪৭ হাজার ৮১৪ জন।
ইউডি/সুপ্ত

