ল্যাথামের সেঞ্চুরিতে পাত্তা পেল না ইন্ডিয়া

ল্যাথামের সেঞ্চুরিতে পাত্তা পেল না ইন্ডিয়া

উত্তরদক্ষিণ । শুক্রবার, ২৫ নভেম্বর ২০২২ । আপডেট ১৯:১০

সবচেয়ে ছোট ক্রিকেট স্টেডিয়ামের তালিকা করলে অকল্যান্ডের ইডেন পার্ক সামনের সারিতেই থাকবে। তাই এখানে নির্ভার থাকতে হলে স্কোরবোর্ডে বড় রানের বিকল্প নেই। কিন্তু আগে ব্যাট করে ৩০৬ রান করেও পাত্তা পেল না ইন্ডিয়া। টম ল্যাথামের দুর্দান্ত সেঞ্চুরিতে প্রথম ওয়ানডেতে ৭ উইকেটের অনায়াস জয় তুলে নেয় নিউজিল্যান্ড।

সেঞ্চুরির কাছাকাছি ছিলেন কেন উইলিয়ামসনও। কিন্তু ৯৮ বলে ৭ চার ও ১ ছয়ে ৯৪ রানে অপরাজিত থেকেই সন্তুষ্ট থাকতে হয় কিউই অধিনায়ককে। কিন্তু তার পরে ব্যাটিংয়ে নেমেও ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি তুলে নেন ল্যাথাম। ১০৪ বলে ১৯ চার ও ৫ ছয়ে ১৪৫ রানের বিধ্বংসী এক ইনিংস খেলে অপরাজিত থাকেন বাঁহাতি এই ব্যাটসম্যান। চতুর্থ উইকেটে অবিচ্ছিন্ন ২২১ রানের জুটি গড়েন উইলিয়ামসনকে সঙ্গে নিয়ে।

যদিও কিউইদের শুরুটা ভালো হয়নি। থিতু হয়েও ৮৮ রানের ভেতর বিদায় নিতে হয় ফিন অ্যালেন (২২), ডেভন কনওয়ে (২৪) ও ড্যারিল মিচেলকে (১১)। কিন্তু বাকিটা ইন্ডদিয়ান বোলারদের ওপর চড়াও হন ল্যাথাম ও উইলিয়ামসন। তাই ১৭ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে কিউইরা। ইন্ডিয়ার হয়ে দুইটি উইকেট নেন অভিষিক্ত উমরান মালিক।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে শিখর ধাওয়ান ও শুবমান গিলের উদ্বোধনী জুটিতে দারুণ শুরু পায় সফরকারীরা। দুজনে অবশ্য ১২৪ রানেই কাটা পড়েন। অধিনায়ক ধাওয়ান ৭২ রান ও গিল ফেরেন ৫০ রান করে। বাকিটা সময় এক প্রান্ত আগলে রাখেন শ্রেয়াস আইয়ার। ৭৬ বলে ৪ চার ও ৪ ছয়ে ৮০ রানে আউট হন তিনি। শেষ দিকে ওয়াশিংটন সুন্দরের ১৬ বলে ৩৭ রানের ইনিংসে ৭ উইকেটে ৩০৬ রানে থামে ভারত। তিনটি করে উইকেট নেন টিম সাউদি ও লকি ফার্গুসন।

তবে জয়ের জন্য ৩০৬ রান যে যথেষ্ট ছিল না তা বেশ সহজেই বুঝিয়ে দেন ল্যাথাম ও উইলিয়ামসন। ওয়ানডে ফরম্যাটে এনিয়ে টানা ১৩ ম্যাচ ধরে অপরাজিত কিউইরা। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৭ নভেম্বর হ্যামিল্টনে।

ইউডি/আতা

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading