সৈকতে ফের ভেসে এলো মৃত জেলিফিশ
উত্তরদক্ষিণ । শনিবার, ০৩ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৬:২৯
কক্সবাজার সমুদ্র সৈকতের শৈবাল পয়েন্টে আবারও ভেসে এলো অসংখ্য জেলিফিশ। শনিবার (৩ ডিসেম্বর) সকালে জোয়ারের পানি নেমে গেলে মৃত জেলিফিশগুলো সৈকতে পড়ে থাকতে দেখা যায়। এ নিয়ে সৈকতে কয়েক দফায় মৃত জেলিফিশের দেখা মিলল। এর আগে গত ১১ নভেম্বর কলাতলী পয়েন্টের উত্তর পাশে শতাধিক মৃত জেলিফিশ ভেসে ওঠে।
সকালে জেলিফিশ ভেসে আসার বিষয়টি নিশ্চিত করেছেন সৈকতে দায়িত্বরত কর্মী মো. বেলাল হোসেন। তিনি জানান, টানাজালসহ মাছ ধরার বিভিন্ন জালে আটকে পড়ে মারা যায় জেলিফিশগুলো। টানা জাল থেকে জেলেদের ফেলে দেওয়া মৃত জেলিফিশ ভাসতে ভাসতে সৈকতে চলে আসে। অন্যান্য বছরের তুলনায় এ বছর অনেক বেশি মৃত জেলিফিশ সৈকতে এসেছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক সমুদ্র বিজ্ঞানী সাঈদ মাহমুদ বেলাল হায়দার জানান, কক্সবাজার সমুদ্রে জেলিফিশের প্রজনন অনেক বেশি। কিন্তু জেলেদের কাছে এ মাছের কোনো গুরুত্ব না থাকায় মেরে সাগরে ফেলেন। মরে যাওয়া মাছগুলো কূলে ভেসে আসে। ভেসে আসা জেলিফিশে আতঙ্কিত হওয়ার কিছু নেই।
তিনি আরও জানান, লোবোনিমুইডিস রোবোস্টাস বা স্থানীয় ভাষায় সাদা নুইন্না প্রজাতির এই জেলিফিশের সংস্পর্শে গেলে কোনো ধরণের ক্ষতি হয় না। বরং এটি খাদ্য হিসেবে বেশ উপযোগী। প্রক্রিয়াজাত করে জেলিফিশ খাবার উপযোগী করার প্রক্রিয়া নিয়ে গবেষণা চলছে।
এ বছরের ৩ ও ৪ আগস্ট ও ১১ নভেম্বর কক্সবাজার সমুদ্র সৈকতে বিপুলসংখ্যক জেলিফিশ ভেসে আসে। এসব জেলিফিশের নমুনা সংগ্রহ করে গবেষণা করে বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউট (বিওআরআইর) সমুদ্র বিজ্ঞানীরা।
ইউডি/এআই

