পলোগ্রাউন্ডের সমাবেশে প্রধানমন্ত্রী

পলোগ্রাউন্ডের সমাবেশে প্রধানমন্ত্রী

উত্তরদক্ষিণ । রবিবার, ০৪ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৫:২০

লাখো নেতাকর্মীর অপেক্ষার প্রহর শেষে পলোগ্রাউন্ড মাঠের জনসভায় উপস্থিত হয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিছুক্ষণের মধ্যেই তিনি প্রধান অতিথির বক্তব্য দেবেন।

রোববার (৪ ডিসেম্বর) বিকেল ৩টা ৫ মিনিটে তিনি এসে পৌঁছালে জনসভা শুরু হয়।

সভামঞ্চে আরও উপস্থিত হয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ প্রমুখ ।

চট্টগ্রাম নিয়ে প্রধানমন্ত্রীর হাজার হাজার কোটি টাকার প্রকল্প ও উন্নয়ন নিয়ে কথা বলার পাশাপাশি ভবিষ্যত পরিকল্পনা নিয়েও কথা বলবেন বলে ধারণা করা হচ্ছে।

ভাটিয়ারতে বাংলাদেশ মিলেটারি একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে তিনি হেলিকপ্টারে করে এম এ আজিজ স্টেডিয়ামে নামেন। সেখান থেকে সিআরবি হয়ে পলোগ্রাউন্ডে মাঠে আসেন।

সমাবেশ শুরু আগেই চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে পলোগ্রাউন্ডে জড়ো হতে থাকেন আওয়ামী লীগ ও এর বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কানায় কানায় পূর্ণ হয়ে যায় পুরো ময়দান। ময়দানের বাইরে আশাপাশের সড়কগুলোতেও বিপুলসংখ্যক নেতাকর্মী অবস্থান করছেন।

ঢাক-ঢোল, বাজনার তালে তালে নেচে গেয়ে জনসভা মাঠে আসেন তারা। বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা গায়ে নানা রঙের রঙ্গিন জামা, মাথায় ক্যাপ পরে আসেন। বিভিন্ন ইউনিটের রঙ্গিন পোশাকের বর্ণিল রঙে সেজেছে পুরো মাঠ ও আশপাশের বিভিন্ন সড়ক।

পলোগ্রাউন্ড ময়দানের পশ্চিম প্রান্তে ১৬০ ফুট দৈর্ঘ্যের নৌকা প্রতিকৃতির ওপর নির্মাণ করা হয়েছে বিরাট মঞ্চ। লাল-নীল, সবুজ, সাদা, হলুদসহ রঙ বেরঙের রঙ্গিন বেলুনে বর্ণিল সাজে সাজানো হয়েছে পুরো মাঠ।

নিরাপত্তার জন্য বাঁশের বেরিকেড দিয়ে কয়েক স্তরে ভাগ করা হয়েছে জনসভা মাঠকে। মঞ্চ ও মঞ্চের আশপাশের ব্লকগুলোতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।

জনসভা থেকে প্রধানমন্ত্রী চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বাস্তবায়িত ৩০টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন এবং ৪ প্রকল্পের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

চট্টগ্রাম নগর উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠিত জনসভায় সভাপতিত্ব করছেন নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী। জনসভা সঞ্চালনা করছেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।

ইউডি/এআই

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading