আমেরিকায় বেড়েছে বাংলাদেশের তৈরি পোশাকের বাজার
উত্তরদক্ষিণ । রবিবার, ০৪ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৬:০৭
বৈশ্বিক সংকটের মধ্যে আমেরিকায় বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি বেড়েছে। চলতি ২০২২ সালের জানুয়ারি-সেপ্টেম্বর ৯ মাসে দেশটিতে সাত দশমিক ৫৫ বিলিয়ন ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে। যা আগের বছরের একই সময়ের চেয়ে প্রায় ৫১ শতাংশ বেশি।
আমেরিকার অফিসিয়াল সোর্স ‘অফিস অব টেক্সটাইলস এন্ড অ্যাপারেল (অটেক্সা)’ এ তথ্য প্রকাশ করেছে।
রোববার ( ৪ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে তৈরি পোশাক উৎপাদন ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।
আমেরিকায় তৈরি পোশাক রপ্তানি বৃদ্ধির পেছনে ২০২০ সালে কোভিড-১৯ মহামারির সময় কারখানা চালু রেখে তৈরি পোশাকের চাহিদা পূরণ করার কারণে এ সুফল পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন বিজিএমইএ-এর পরিচালক মহিউদ্দিন রুবেল।
তিনি বলেন, করোনা মহামারির মধ্যে অন্যান্য দেশের তৈরি পোশাক কারখানা বন্ধ ছিল। সে সময় বাংলাদেশের তৈরি পোশাক কারখানা খোলা রাখা হয়েছিল। মহামারির মধ্যে তৈরি পোশাক সরবারহ করার এ সুফল বাংলাদেশের। পাশাপাশি সাম্প্রতিক সময়ে পোশাক শিল্পের কর্মপরিবেশের উন্নয়নে অনেকগুলো কাজ করেছে বাংলাদেশ। আমেরিকায় তৈরি পোশাক রপ্তানি বৃদ্ধির এটাও অন্যতম প্রধান কারণ।
অটেক্সা’র তথ্য অনুযায়ী, জানুয়ারি-সেপ্টেম্বর সময়ে বাংলাদেশ আমেরিকায় সাত দশমিক ৫৫ বিলিয়ন ডলার মূল্যের পোশাক রপ্তানি করে। এ সময়ে বাংলাদেশ থেকে তাদের পোশাক আমদানি ৫০ দশমিক ৯৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ওই সময়ে বিশ্ব থেকে আমেরিকার পোশাক আমদানি ৩৪ দশমিক ৬১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আট দশমিক ৫৪ শতাংশ পোশাক রপ্তানি করে আমেরিকায় তৃতীয় পোশাক রপ্তানিকারক দেশ হিসেবে অবস্থান ধরে রেখেছে।
চীন ২২ দশমিক ৪৮ শতাংশ শেয়ার নিয়ে আমেরিকার জন্য সর্ব বৃহত্তম পোশাক সরবরাহকারী দেশ। ১৮দশমিক ৫১ শতাংশ শেয়ার নিয়ে ভিয়েতনামের অবস্থান দ্বিতীয়।
ইউডি/এআই

