মাস্ককে ছাড়িয়ে শীর্ষ ধনী আর্নল্ট

মাস্ককে ছাড়িয়ে শীর্ষ ধনী আর্নল্ট

উত্তরদক্ষিণ । বুধবার, ১৪ ডিসেম্বর ২০২২ । আপডেট ০৯:৪২

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার ও ইলেকট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ককে ছাড়িয়ে বিশ্বের শীর্ষ ধনী হয়েছেন ফ্রান্সের ধনকুবের বার্নার্ড আর্নল্ট।

স্থানীয় সময় মঙ্গলবার আমেরিকাভিত্তিক সংবাদমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্সের তথ্য অনুযায়ী, চলতি বছর টেসলার শেয়ারের দরপতন হওয়ায় মাস্কের সম্পদের পরিমাণ ২০০ বিলিয়ন ডলারের নিচে নেমে যায়।

আমেরিকা সময় মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত মাস্কের সম্পদের পরিমাণ ছিল ১৬৮ দশমিক ৫ বিলিয়ন ডলার। অপরদিকে আর্নল্টের সম্পদের পরিমাণ ছিল ১৭২ দশমিক ৯ বিলিয়ন ডলার।

ই-কমার্স জায়ান্ট অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসকে পেছনে ফেলে ২০২১ সালের সেপ্টেম্বরে বিশ্বের শীর্ষ ধনী হিসেবে আবির্ভূত হন ইলন মাস্ক। চলতি বছরের এপ্রিলে ৪৪ বিলিয়ন ডলারের বিনিময়ে তিনি জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার কেনেন। সামাজিক যোগাযোগমাধ্যমটি কেনার পরই প্রায় ৬০ শতাংশ কর্মীকে বরখাস্ত করেন তিনি।

এর আগে টুইটার না কেনার জন্য কয়েক মাস চেষ্টা চালিয়েছেন মাস্ক, তবে বহু নাটকীয়তা শেষে সামাজিক যোগাযোগমাধ্যমটির নিয়ন্ত্রণ নেন তিনি।

ফ্রান্সের ফ্যাশন টাইকুন বার্নার্ড আর্নল্ট ইউরোপের বিলাস পণ্য প্রস্তুত কোম্পানি এলভিএমএইচ গ্রুপের মালিক। বিশ্বের শীর্ষ ব্র্যান্ড লুই ভুটন, মোয়েট, হেননেসে, ফেন্ডি, ক্রিস্টিয়ান ডায়র ও গিভেনচি তারই কোম্পানি।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading