কূটনীতিকদের সামনে বিএনপি সত্য তুলে ধরেছে: বুলু
উত্তরদক্ষিণ । সোমবার, ১৯ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৭:৪২
বিএনপি বিদেশি কূটনীতিকদের সামনে দেশের সত্য ঘটনা তুলে ধরেছে বলে দাবি করেছেন দলটির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। সোমবার (১৯ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে আবদুস সালাম হলে রাজবন্দিদের মুক্তির দাবিতে আয়োজিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগ নেতাদের উদ্দেশ্য করে বরকত উল্লাহ বুলু বলেন, ‘আপনারা যখন রাষ্ট্রদূতদের সঙ্গে কথা বলেন তখন কিছু হয় না, আর বিএনপি কথা বললেই দেশের ভাবমূর্তি নষ্ট হয়ে যায়। ১৯৯৬ এবং ২০০১ সালে বর্তমান রাষ্ট্রপতি আবদুল হামিদ আওয়ামী লীগের পক্ষ থেকে বিদেশিদের সঙ্গে বিএনপির বিরুদ্ধে নানা দেনদরবার করেন। আপনাদের কারণে দেশে ১/১১ এসেছিল। কিন্তু আমরা বিদেশি কূটনৈতিকদের সামনে দেশের সত্য ঘটনা তুলে ধরেছি।’
তিনি আরও বলেন, ‘তারা বলছেন—বিএনপি নাকি টাকা দিয়ে ভাড়াটিয়া নিয়োগ করে দেশের বদনাম করছে। আমরা দেশের সত্য ঘটনা পুরো বিশ্বের সামনে তুলে ধরেছি। যে কারণে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন থেকেও বিএনপি অফিসে হামলার প্রতিবাদ জানিয়েছে। তারা বলছে, বাংলাদেশ একটি স্বৈরশাসনের দেশে পরিণত হয়েছে। বাংলাদেশে গণতন্ত্র নেই, বাকস্বাধীনতা নেই, মানুষের মৌলিক অধিকার নেই।’
স্বাধীনতাযুদ্ধে দীর্ঘ ৯ মাস নেতৃত্ব দেওয়া দেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের নাম আওয়ামী লীগের ইতিহাসে নেই। পাশাপাশি আওয়ামী লীগ তাজউদ্দীন আহমদকে তেমন মূল্যায়ন করে না বলে মন্তব্য করেন বরকত উল্লাহ বুলু।
সমাজকল্যাণ পরিষদ (জিসপ) আয়োজিত এই প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি এম গিয়াস উদ্দিন খোকন। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য জয়নাল আবেদীন ফারুক।
বিশেষ অতিথি ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য হাবিবুর রহমান হাবিব, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সমাজকল্যাণ সম্পাদক কাজী আবুল বাশার, সহ-তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক কাদের গনি চৌধুরী প্রমুখ।
ইউডি/এ

