মুমিনুলের সেঞ্চুরি মিস, বাংলাদেশ অলআউট

মুমিনুলের সেঞ্চুরি মিস, বাংলাদেশ অলআউট

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৬:৪৩

মুমিনুল হক অনেক দিন ধরেই ছিলেন টেস্ট দলের বাইরে। অবশেষে ইন্ডিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টে ফিরলেন বাংলাদেশের জাতীয় দলে। শুধু লাল বলের ক্রিকেটেই ফেরেননি, সঙ্গে দুর্দান্ত ফর্মেও ফিরেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক।

ফেরার দিনই হাসল মুমিনুলের ব্যাট। নিজের প্রত্যাবর্তনটা রাঙালেন তিনি দুরন্ত হাফ সেঞ্চুরি দিয়ে। ১২ বাউন্ডারি ও এক ছক্কায় ১৫৭ বলে তারকা এ টপ-অর্ডার ব্যাটসম্যান খেললেন ৮৪ রানের দুর্বার এক ক্রিকেটীয় ইনিংস।

এ নিয়ে ১১ ম্যাচ পর টেস্টে শতক পাওয়ার আভাস দিয়েছিলেন মুমিনুল। তিন অঙ্কের দেখা পেলে ক্রিকেটের দীর্ঘতম সংস্করণে এটি হতো তার ১২তম টেস্ট সেঞ্চুরি। কিন্তু ১৬তম হাফসেঞ্চুরিতে সন্তুষ্ট থাকতে হলো তাকে।

মুমিনুল সর্বশেষ সেঞ্চুরি পেয়েছিলেন ২০২১ সালের ২১ এপ্রিলে, শ্রীলঙ্কার বিরুদ্ধে পাল্লেকেলেতে। পরের টেস্টেই ১ রানের জন্য মিস করেন ফিফটি। পরে যে সুযোগ আসেনি তা কিন্তু নয়। দুর্দান্ত দুটি অর্ধ-শতককে শতকে রূপ দেয়ার সুবর্ণ সুযোগ ছিল তার সামনে।

কিন্তু সুযোগ দুটি মিস করে বসেন ভুল সিদ্ধান্ত আর স্নায়ুচাপ সামাল দিতে না পেরে। ২০২১ সালের ৭ জুলাই জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে খেলেন ৭০ রানের দাপুটে এক ইনিংস। পরে নিউজিল্যান্ডের বিপক্ষে মাউন্ট মাউঙ্গানুইয়ে ঐতিহাসিক টেস্ট জয়ের ম্যাচে গত ১ জানুয়ারি খেলেন ৮৮ রানের চমৎকার এক ইনিংস।

মাঝে ব্যাটিংয়ে মুমিনুলের সময়টা ভালো কাটেনি। রানের দেখাই পাননি। এজন্য সমালোচনাও কম হয়নি তার। ব্যাটিংয়ে ফর্মহীনতার কারণে দলের নেতৃত্ব হারান। অবশেষে ব্যাটিং ঝলক দেখিয়ে হাফ সেঞ্চুরি হাঁকালেন মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে, ইন্ডিয়ার বিপক্ষে শেষ টেস্টে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading