তুষারঝড়ে পর্যদুস্ত আমেরিকা, মৃত্যু ৪৯
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২ । আপডেট ১২:০০
শীতকালিন তুষারঝড়ে আমেরিকার অধিকাংশ রাজ্যে বিপর্যয় দেখা দিয়েছে। তুষারঝড়ে এখন পর্যন্ত ৪৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু নিউইয়র্কের এরি কাউন্টিতেই মারা গেছেন ২৭ জন। সোমবার (২৬ ডিসেম্বর) কাউন্টির কর্মকর্তারা এসব তথ্য জানিয়েছেন।
এক প্রতিবেদনে সিএনএন জানিয়েছে, পশ্চিম নিউইয়র্কের কয়েকটি এলাকায় ৪৩ ইঞ্চি পর্যন্ত তুষারপাত হয়েছে। এতে সড়কে যানবাহন আটকা পড়েছে। বড়দিনের ছুটির মধ্যে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছেন হাজারো বাসিন্দা।

তুষারঝড়ের পরিস্থিতিকে ভয়াবহ বলে ব্যাখ্যা করেছেন এরি কাউন্টির নির্বাহী মার্ক পোলানকারজ। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘স্থানীয় সময় সোমবার থেকে আজ মঙ্গলবার বেলা ১টা নাগাদ আরও আট থেকে ১৩ ইঞ্চি তুষারপাত হতে পারে।’
এবারের তুষারঝড়কে বাফেলোর ১৯৭৭ সালের ভয়াবহ তুষারঝড়ের সঙ্গে তুলনা করা হচ্ছে। ওই তুষারঝড়ে ২৩ জনের মৃত্যু হয়েছিল, যাদের ২২ জনই ছিলেন এরি কাউন্টির।

এর আগে গত রোববার এক সংবাদ সম্মেলনে নিউইয়র্কের গভর্নর ক্যাথি হচুল বলেছেন, বাফেলোর দীর্ঘ ইতিহাসে এই ঝড় সবচেয়ে বিধ্বংসী। এরি ও জেনেসি কাউন্টিতে কেন্দ্রীয়ভাবে জরুরি অবস্থা জারি করতে সোমবার প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।
এদিকে পাওয়ারআউটেজ ডট ইউএসের তথ্য অনুযায়ী, তুষারঝড়ের কারণে সোমবার বিকেল নাগাদ সারা দেশে প্রায় ৭৫ হাজার গ্রাহক বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় ছিলেন। পরে এ সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে গিয়েছিল।
ভয়াবহ তুষারঝড়ের কারণে গত শুক্রবার পাঁচ হাজারের বেশি আর শনিবার তিন হাজার ৪০০টির বেশি উড়োজাহাজ ফ্লাইট বাতিল করা হয়। বড়দিনে তিন হাজার ১০০টির বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে।
ইউডি/এ

