দুদুর দাবি,‘তাড়াহুড়া করে মেট্রোরেল উদ্বোধন করা হয়েছে’
উত্তরদক্ষিণ । বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৯:০০
তাড়াহুড়া করে মেট্রোরেল উদ্বোধন করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
তিনি বলেন, ‘মেট্রোরেলের ৫১ কিলোমিটার রাস্তার কাজ শেষ করার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে নেই। এ জন্য তাড়াহুড়া করে ১০ থেকে ১১ কিলোমিটার উদ্বোধন করা হয়েছে।’
বুধবার (২৮ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’র আয়োজনে বেগম খালেদা জিয়াসহ গ্রেপ্তার দলীয় নেতাকর্মীদের মুক্তির দাবিতে অনুষ্ঠিত মানববন্ধনে তিনি এ কথা বলেন।
দুদু বলেন, ‘প্রধানমন্ত্রী আপনি বুঝতে পেরেছেন আর সময় বেশি নাই, আপনাকে ক্ষমতা থেকে চলে যেতে হবে। মেট্রোরেলের রাস্তা ৫১ কিলোমিটার। এর কাজ শেষ করার পরে আপনি উদ্বোধন করবেন এটাই ছিল স্বাভাবিক। কিন্তু ১০ থেকে ১১ কিলোমিটার হওয়ার পরে আপনি উদ্বোধন করছেন। তাহলে কি আমরা বুঝে নেব কাজ শেষ করার সময় আপনার নাই। এইজন্য কি তাড়াহুড়া করে মেট্রোরেল উদ্বোধন করছেন?’
‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’র সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আলমগীর হোসেন, বাংলাদেশ কল্যাণ পার্টির ভাইস চেয়ারম্যান সাইদুর রহমান তামান্না, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি আসাদুর রহমান খান, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম প্রমুখ।
ইউডি/এ

