রোহিঙ্গা ক্যাম্পের ব্র্যাক অফিসে অগ্নিকাণ্ড
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৬:৩০
কক্সবাজারের টেকনাফ উপজেলায় রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বেলা ১১টার দিকে টেকনাফ হোয়াইক্যং চাকমারকুল ২১নং ক্যাম্পে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মোহাম্মদ রোকন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘এনজিও সংস্থা ব্র্যাকের একটি অফিসে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আমাদের লোকজন কাজ করতে শুরু করে। পরে স্থানীয়দের সহায়তায় আধাঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় ব্র্যাক অফিসের গুরুত্বপূর্ণ কিছু জিনিসের ক্ষয়ক্ষতি হয়েছে।’
ক্যাম্পের বাসিন্দা মো. সাইফুল জানান, ব্র্যাকের অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বাতাস থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। আমরা সবাই মিলে আগুন নিয়ন্ত্রণে আনি। তবে আগুনের অনেক তীব্র ছিল। ব্র্যাকের অফিস থেকে ঘরের দূরত্ব বেশি থাকায় তেমন ক্ষয়ক্ষতি হয়নি।
হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ আনোয়ারী বলেন, ‘শুধু ব্র্যাকের রানিং সেন্টারে আগুন লেগেছিল। তবে এখন নিয়ন্ত্রণে আছে।’
ইউডি/এ

