সাংবাদিক লাঞ্ছিতের অভিযোগে ছাত্রদলের তিন নেতা বহিষ্কার
উত্তরদক্ষিণ । সোমবার, ০২ জানুয়ারি ২০২৩ । আপডেট ১২:১৫
ছাত্রদলের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নয়াপল্টনে ছাত্র সমাবেশে সাংবাদিকের ওপর হামলার অভিযোগে সংগঠনটির তিন নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
রোববার (১ জানুয়ারি) রাতে ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী সংগঠনের শৃঙ্খলাপরিপন্থি কাজে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক উবাইদুল্লাহ নাঈম, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ফয়সাল ও সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন নাঈমকে সংগঠনের সব পদ থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হলো।
এতে আরও বলা হয়েছে, অভিযুক্তদেরকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, এই মর্মে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে ছাত্রদল সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের উপস্থিতিতে যথোপযুক্ত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ছাত্রদলের সমাবেশ কাভার করতে যান বেসরকারি টেলিভিশন মাই টিভির সিনিয়র রিপোর্টার ইউসুফ আলী। এ সময় ট্রাইপড রাখা নিয়ে সমাবেশে আগত ছাত্রদল নেতাকর্মীদের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়।
একপর্যায়ে ছাত্রদলের নেতাকর্মীরা ইউসুফ আলীকে মারধর করেন। পরে বিএনপি বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন, ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও অন্য সংবাদমাধ্যমকর্মীরা পরিস্থিতি শান্ত করেন।
ইউডি/এ

