নতুন বছরে নতুন সিনেমায় মানসী প্রকৃতি
উত্তরদক্ষিণ । শুক্রবার , ০৬ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৩:৪০
বছর শুরু হতেই সুখবর দিলেন চিত্রনায়িকা মানসী প্রকৃতি। ক্যারিয়ারের পঞ্চম সিনেমার শুটিং সেটে তিনি চুক্তিবদ্ধ হয়েছেন ষষ্ঠ সিনেমায়। ‘ঠোকর’ নামের নতুন সিনেমার মাধ্যমে নতুন বছরের প্রথম সিনেমায় যুক্ত হয়েছেন তিনি। নায়িকার ভাষায়, এ এক অন্যরকম অনুভূতি। সিনেমাটি পরিচালনা করবেন মাজহার বাবু। এই সিনেমা দিয়েই পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন তিনি।
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) নির্মিতব্য ‘অগ্নিশিখা’ সিনেমার সেটে নতুন ‘ঠোকর’-এ চুক্তিবদ্ধ হন প্রকৃতি। এতে তার বিপরীতে নায়ক কে থাকছেন তা চূড়ান্ত করে অচিরেই জানানো হবে বলে জানান নির্মাতা।
উচ্ছ্বসিত প্রকৃতি এ প্রসঙ্গে বলেন, ‘এক সিনেমার শুটিংয়ে আরেক সিনেমায় চুক্তিবদ্ধ হওয়া আমার জন্য নিঃসন্দেহে দারুণ অভিজ্ঞতা। সিনেমাটির গল্প বেশ আলাদা। চরিত্রগুলোর মধ্যে চার্ম আছে। যেভাবে পরিকল্পনা করা হচ্ছে সেভাবে কাজটি শেষ হলে ভালো কিছু হবে বলেই প্রত্যাশা করছি। বাবু ভাইয়ের প্রথম সিনেমায় আমাকে ভাবার জন্য তার প্রতি কৃতজ্ঞতা। সবমিলিয়ে আশা করছি বেশ সুন্দর একটি কাজ হবে।’
পরিচালক মাজহার বাবু বলেন, ‘দর্শকের চাহিদার কথা মাথায় রেখেই সিনেমাটি নির্মাণ করা হবে। সময়ের পরিবর্তনে দর্শকদের রুচিরও ব্যাপক পরিবর্তন হয়েছে। তাদের ভাবনা মাথায় নিয়ে নিজের প্রথম সিনেমার জন্য ভিন্নধর্মী একটি গল্প বেছে নিয়েছি। তবে গল্প নিয়ে এখন কিছু বলতে চাই না। কিন্তু গতানুগতিকতার বাইরের একটি চলচ্চিত্র উপহার পাবে দর্শক। দুই যুগ ধরে সিনেমা নির্মাণের সঙ্গে যুক্ত আছি। আশা করছি, দারুণ কিছু উপহার দিতে পারব।’
সবকিছু ঠিক থাকলে খুব শিগগিরই সিনেমাটির নির্মাণ কাজ শুরু হবে। এতে আরও কারা অভিনয় করছেন— সেটি আনুষ্ঠানিকভাবে শিগগিরই জানানো হবে।
জেসমিন আক্তার নদী পরিচলিত ‘জল শ্যাওলা’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু হয় প্রকৃতির। এরপর মুক্তি পায় ‘শেষ কথা’ নামের একটি সিনেমা। তারপর নিজেকে নাটকে ব্যস্ত রাখলেও ফের পুরোদমে প্রস্তুতি নিয়ে ফিরেছেন চলচ্চিত্রে নিজেকে মেলে ধরতে।
বর্তমানে এই অভিনেত্রীর ‘দুই ঘণ্টা দশ মিনিট’ নামের একটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। শেষের দিকে ‘অগ্নিশিখা’র শুটিং। এই সিনেমায় প্রকৃতির সহশিল্পী আদর আজাদ।
ইউডি/কেএস

