ইউক্রেনের আরও একটি শহর রাশিয়ার দখলে

ইউক্রেনের আরও একটি শহর রাশিয়ার দখলে

উত্তরদক্ষিণ । বুধবার, ১১ জানুয়ারি ২০২৩ । আপডেট ১২:০০

ইউক্রেনের আরও একটি শহর দখল করে নিয়েছে রাশিয়া। পূর্ব ইউক্রেনে ডনবাস অঞ্চলে তীব্র যুদ্ধের পর গুরুত্বপূর্ণ সোলেডার শহর দখল করে রুশ বাহিনী। তবে কিছু জায়গায় লড়াই চলছে এখনো।

ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, সোলেডার শহর নিয়ন্ত্রণের জন্য এক মাস ধরে লড়াই চলছিল। গত চার দিনে রুশ বাহিনী ও তাদের সমর্থক ওয়াগনার গোষ্ঠীর যোদ্ধারা নতুন নতুন জায়গা দখল করেছে। খবর রয়টার্সের।

সম্ভবত শহরটির বেশিরভাগ এলাকাই রাশিয়ার নিয়ন্ত্রণে চলে গেছে, বলছে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ব্যাপক ধ্বংসলীলা সত্ত্বেও বাখমুট ও সোলেডারে ইউক্রেন দখল ধরে রেখেছে।

‘সোলেডারে এখন প্রায় কোনো জীবিত প্রাণী নেই এবং একটি দেয়ালও দাঁড়িয়ে নেই’ বলেন তিনি।

‘রুশ সেনাদের মৃতদেহ দিয়ে সোলেডারের মাটি ঢাকা পড়ে গেছে’ বলেও দাবি করেন জেলেনস্কি।

সোলেডার লবণ খনি সমৃদ্ধ একটি শহর। প্রায় ১০ হাজার লোকের বাস এ শহরে। এর অবস্থান বাখমুট শহরের কয়েক কিলোমিটার দক্ষিণ পশ্চিমে। এটির দখল রুশ বাহিনীর হাতে চলে গেলে বাখমুট দখলের লড়াইয়ে তারা সুবিধাজনক অবস্থানে চলে যাবে।

সম্প্রতি রুশ বাহিনী বেশ কয়েকটি লড়াইয়ে বেকায়দায় পদে। সোলেডারের এ বিজয় হবে তাদের জন্য একটি ভালো খবর।

‘সোলেডার শহরের এক বড় অংশই এখন রুশদের দখলে’ মার্কিন প্রতিরক্ষা দফতরের একজন কর্মকর্তা সোমবার বলেছেন।

সোলেডার দখলের মধ্য দিয়ে রাশিয়া সম্ভবত উত্তর দিক থেকে বাখমুটকে ঘিরে ফেলা এবং ইউক্রেনীয় যোগাযোগের পথগুলো বিঘ্নিত করার চেষ্টা করছে বলে ব্রিটিশ গোয়েন্দা ব্রিফিংয়ে বলা হয়েছে।

সোলেডারে ইউক্রেনীয় বাহিনীর সঙ্গে থাকা সাংবাদিক ইউরি বুটুসভ জানিয়েছেন, রুশ বাহিনী সোলেডার শহরে ইউক্রেনের রসদপত্র সরবরাহের পথটির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে এবং এ পথ দিয়ে স্বাভাবিক চলাচল অসম্ভব হয়ে পড়েছে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading