বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু আজ

বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু আজ

উত্তরদক্ষিণ । শুক্রবার, ১৩ জানুয়ারি ২০২৩ । আপডেট ১০:৪৫

দুই বছর পর আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমা। লাখো ধর্মপ্রাণ মুসল্লির পদচারণায় মুখরিত টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান। উপলক্ষে শিল্প নগরী টঙ্গী এখন ধর্মীয় নগরীতে পরিণত হয়েছে। ইজতেমা মাঠ মুসল্লিদের উপচে পড়া ভিড়ে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। এমনকি আশেপাশের রাস্তাঘাট ও খোলা জায়গাগুলোও মানুষের পদাচারণায় মুখর হয়ে উঠেছে। ধারণা করা হচ্ছে এবারের ইজতেমার জমায়েতে অতীতের সব রেকর্ড ভাঙবে। বিস্তারিত আফসান ইশতিয়াকের প্রতিবেদন

টঙ্গী পাড়ে লাখো মুসল্লির ঢল: টঙ্গীর তুরাগ নদের তীরে আজ শুক্রবার শুরু হচ্ছে আলমি শুরার তত্ত্বাবধানে ৫৬তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এবারো দুই পর্বের ইজতেমা হচ্ছে। প্রথম পর্ব সমাপ্তির পর ৫ দিন বিরতি দিয়ে দ্বিতীয় পর্বের ইজতেমা আগামী ২০ জানুয়ারি শুরু হবে। প্রথম পর্বে ১৩ ও ১৫ জানুয়ারি তাবলীগ জামাতের বাংলাদেশের শীর্ষ মুরুব্বি ও কাকরাইল জামে মসজিদের ইমাম মাওলানা জোবায়ের আহমেদের অনুসারী মুসল্লিরা অংশ নিবেন। আগামি ১৫ জানুয়ারি দুপুরে আখেরি মোনাজাতে অংশ নিয়ে প্রথমপর্বে আগত মুসল্লিরা রাতের মধ্যে ময়দান ত্যাগ করবেন। পরে মাওলানা সা’দ আহমাদ কান্ধলভীপন্থি মাওলানা অনুসারী মুসল্লিরা আগামী ২০ জানুয়ারি বাদ ফজর থেকে দ্বিতীয় পর্বের ইজতেমায় অংশ নিবেন। ২২ জানুয়ারি মধ্যাহ্নের পূর্বে যেকোনো এক সময় আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা। বিশ্ব ইজতেমাকে সামনে রেখে টঙ্গী সরকারি হাসপাতালে কর্মরত সকল চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারিদের সকল ধরনের ছুটি বাতিল করা হয়েছে। বিশ্ব ইজতেমার আয়োজক কমিটির সদস্য প্রকৌশলী আব্দুন নূর জানান, শুক্রবার ইজতেমা শুরুর দুইদিন আগেই মুসল্লিতে পুরো ময়দান পূর্ণ হয়ে গেছে।

বিশৃঙ্খলা এড়াতে কঠোর অবস্থানে পুলিশ: ইজতেমা চলাকালে যেকোনো বিশৃঙ্খলা এড়াতে সব পুলিশ সদস্যকে চোখ-কান খোলা রাখার আহ্বান জানিয়ে গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কমিশনার মোল্যা নজরুল ইসলাম বলেছেন, ইজতেমা নিয়ে অনেকেই সোশ্যাল মিডিয়াতে উসকানি বা বিভ্রান্তিকর কথা ছড়িয়ে বিশৃঙ্খলার চেষ্টা করবে। এমন কোনো কিছু যদি কারও চোখে পড়ে, তবে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষকে জানাতে হবে। অনেকে লিফলেট বিতরণ করে বিশৃঙ্খলার চেষ্টা করবে, সেদিকও কড়া নজর রাখতে হবে। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) ইজতেমার প্রস্তুতি উপলক্ষে আয়োজিত ব্রিফিং প্যারেডে তিনি এ কথা বলেন। পুলিশ সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, এখানে লাখ লাখ মানুষ আসবেন। আমাদের কাজ হলো যেকোনো মূল্যে নিরাপত্তা নিশ্চিত করা। এর মাঝে কেউ যদি কোনো কারণে তার দায়িত্ব পালনে অবহেলা করে বা নিয়মের ব্যত্যয় হয়, তবে আমি বলছি, তোমরা চাকরিটা হারাবা। সবার ফোন নম্বর আমাদের কাছে আছে। কেউ দায়িত্বে অবহেলা করলে সঙ্গে সঙ্গে আমাদের কাছে তথ্য চলে আসবে। এরপর যা যা ব্যবস্থা নেওয়ার, নেওয়া হবে।

যাদের ধ্বনিতে মুখর হবে ময়দান: শুক্রবার (১৩ জানুয়ারি)- ফজরের পর, মাওলানা জিয়াউল হক রায়বেন্ড। মুআল্লিমিনদের সাথে মোজাকারা মাওলানা জিয়াউল হক। বাদ জুমা, মাওলানা ইসমাইল গুদরাহ। বাদ আসর, মাওলানা যুবাইর আহমদ। বাদ মাগরিব, মাওলানা আহমদ লাট। বাংলা অনুবাদ, মাওলানা ওমর ফারুক।

উত্তরদক্ষিণ ১ম পৃষ্ঠ ১৩ জানুয়ারি ২০২৩

শনিবার (১৪ জানুয়ারি)- বাদ ফজর, মাওলানা খুরশিদুল হক রায়বেন্ড। বাদ জোহর, ভাই ওমর ফারুক। বাদ আসর, মাওলানা জুহাইরুল হাসান। বাদ মাগরিব, মাওলানা ইব্রাহিম দেওলা। বাংলা অনুবাদ, মাওলানা জুবায়ের আহমদ। শনিবার বিশেষ বয়ান (সকাল) আলেমদের উদ্দেশ্যে বয়ান, মাওলানা ইব্রাহিম দেওলা। ছাত্রদের উদ্দেশ্যে বয়ান, মাওলানা খুরশিদুল হক রায়বেন্ড। রবিবার (১৫ জানুয়ারি)- হিদায়াতি বয়ান, সাড়ে সাতটায় মাওলানা আবদুর রহমান। বাংলা অনুবাদ, মাওলানা আব্দুল মতিন। বিশেষ নসিহত করবেন, মাওলানা ইব্রাহিম দেওলা, বাংলা অনুবাদ মাওলানা জুবায়ের আহমদ। ইজতেমা মাঠের আখেরি মোনাজাত করবেন মাওলানা জুবায়ের আহমদ। বিশ্ব ইজতেমা বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় অনন্য ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আশা প্রকাশ করে বলেন, এ মহান ধর্মীয় সমাবেশ বাংলাদেশ ও বিশ্বের সর্বস্তরের মানুষ ও মুসলিম উম্মাহর ঐক্য, সংহতি ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করবে।

ইউডি/আতা/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading