ঘরে ঢুকে সাবেক নারী এমপিকে গুলি করে হত্যা
উত্তরদক্ষিণ । সোমবার, ১৬ জানুয়ারি ২০২৩ । আপডেট ১০:০০
আফগানিস্তানের রাজধানী কাবুলে সাবেক এক নারী এমপিকে ঘরে ঢুকে গুলি করে হত্যা করা হয়েছে। দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে।
২০২১ সালের আগস্টে তালেবানরা আফগানিস্তানের ক্ষমতা দখলে নেয়। এরপর যে কয়জন নারী এমপি কাবুলেই রয়ে গিয়েছিলেন ৩২ বছর বয়সী মুরসাল নবীজাদা তাদেরই একজন।
রোববার (১৫ জানুয়ারি) হামলার এই ঘটনা ঘটে। এই হামলায় মুরসালের ভাই এবং আরেকজন দেহরক্ষী আহত হয়েছেন। মুরসালের সাবেক সহকর্মীরা তাকে ‘সাহসী’ বলে বর্ণনা করেছেন, যিনি সুযোগ পেয়েও দেশত্যাগে অস্বীকৃতি জানিয়েছিলেন। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে বিবিসি।
তালেবানরা আফগানিস্তানের শাসন ক্ষমতায় আসার পর নারীদের জনজীবনের প্রায় সব কর্মকাণ্ড থেকে সরিয়ে দেওয়া হয়। এদিকে কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান বলেছেন, এ ঘটনার পর গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেছে নিরাপত্তা বাহিনী।
২০১৯ সালে কাবুলের প্রতিনিধিত্ব করার জন্য নির্বাচিত হন মুরসাল। তিনি সংসদীয় প্রতিরক্ষা কমিশনের সদস্য ছিলেন এবং বেসরকারি গোষ্ঠী মানব সম্পদ উন্নয়ন ও গবেষণা ইনস্টিটিউটে কাজ করেছিলেন।
ইউডি/এ

