স্মার্ট বাংলাদেশ গড়বেন শেখ হাসিনা: পলক
উত্তরদক্ষিণ । শুক্রবার, ২০ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৯:২৫
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক বলেছেন, তরুণ প্রজন্মের মেধা অন্বেষণের মাধ্যমে স্মার্ট নাগরিক তৈরি করা হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার আধুনিক রূপ স্মার্ট বাংলাদেশ গড়বেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার (২০ জানুয়ারি) দুপুরে সিংড়া দমদমা পাইলট স্কুল ও কলেজ মাঠে সপ্তাহব্যাপী আয়োজিত চলনবিল শিক্ষা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী পলক বলেন,এজন্য তরুণ প্রজন্মদের ইংরেজি, গণিত এবং কম্পিউটার কোডিং এন্ড প্রোগ্রামিংয়ের দক্ষতা প্রয়োজন। এর মাধ্যমে সারাবিশ্বের সাথে যোগাযোগ স্থাপিত হবে। দেশের স্মার্ট নাগরিকরা হবেন, বৈশ্বিক নাগরিক।
পলক আরও বলেন, শিক্ষা একজন মানুষকে দেশকে সর্বোপরি পুরো বিশ্বকে আলোকিত করে। যদি প্রকৃত শিক্ষায় একজন মানুষকে সুশিক্ষিত ও আলোকিত করে গড়ে তুলতে পারা যায়, তার প্রভাব হবে সুদূরপ্রসারী। এর প্রভাব পুরো দেশ এবং বিশ্বে ছড়িয়ে পড়তে পারে। শুধু ব্রিজ কালভার্ট নয়, তার পাশাপাশি আলোকিত মানুষ গড়ে তোলাই চলনবিল শিক্ষা উৎসবের মূল উদ্দেশ্য।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিংড়া পৌর মেয়র মো. জান্নাতুল ফেরদৌস, উপজেলা নির্বাহী কর্মকর্তা এম.এম সামিরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আল ইমরান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমীনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা।
আগামী (৩০ জানুয়ারি) পর্যন্ত চলবে এই শিক্ষা উৎসব। শিক্ষা উৎসবে ইংলিশ ক্যাম্প, গণিত ক্যাম্প, প্রোগ্রামিং ক্যাম্প, আইসিটি ক্যাম্প ছাড়াও শিক্ষার্থী ও গুণীজন ব্যক্তিদের সংবর্ধনা দেয়া হবে।
ইউডি/কেএস

