১১ ফেব্রুয়ারি সারা দেশে ‘গণতন্ত্র মঞ্চ’র পদযাত্রা, গণসংযোগ

১১ ফেব্রুয়ারি সারা দেশে ‘গণতন্ত্র মঞ্চ’র পদযাত্রা, গণসংযোগ

উত্তরদক্ষিণ । শনিবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৬:৩০

আগামী ১১ ফেব্রুয়ারি সারা দেশে পদযাত্রা ও গণসংযোগ করবে ‘গণতন্ত্র মঞ্চ’।

গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপণ্যের দাম বাড়ার প্রতিবাদ ও পূর্বঘোষিত ১৪ দফা বাস্তবায়নের দাবিতে এ কর্মসূচি ঘোষণা করে জোটটি।

পদযাত্রা মিরপুর ১২ নম্বর থেকে শুরু হয়ে মতিঝিলে গিয়ে শেষ হবে।

শনিবার (০৪ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেন তারা। এসময় জোটের নেতারা অভিযোগ করেন, ‘মানুষ না খেয়ে মারা যাচ্ছে; আর সরকার মেগা প্রকল্পের নামে দুর্নীতি করছে।’

চলমান আন্দোলন জোরদার করতে বিএনপির সঙ্গে দেশব্যাপী আরো কর্মসূচি দেওয়ার কথাও জানান তারা।

‘গণতন্ত্র মঞ্চ’র কর্মসূচিতে বক্তব্য দিয়েছেন, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, নাগরিক ঐক্যের উপদেষ্টা এস এম আকরাম, গণঅধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক রফিকুল ইসলাম প্রমুখ।

জোনায়েদ সাকি তার বক্তব্যে সরকারের ‘উন্নয়ন, আর স্মার্ট বাংলাদেশ’ স্লোগানে বিভ্রান্ত না হতে জনগণকে আহ্বান জানিয়েছেন।

তিনি বলেছেন, ‘উন্নয়নের নামে “সব ফসল” লোকেরা ব্যাংক থেকে টাকা লোপাট করে নিয়ে যাচ্ছে। উন্নয়নের নামে রেন্টাল, কুইক রেন্টাল লাইসেন্স দেওয়া হচ্ছে। এখন ক্যাপাসিটি চার্জের নামে বসিয়ে বসিয়ে সব পোষ্য লোকদের টাকা দেওয়া হচ্ছে।’

গণ অধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক বলেন, আইএমএফ এর পরামর্শে সরকার খেটে খাওয়া মানুষকে মারার জন্য বারবার বিদ্যুৎ গ্যাসের দাম বাড়াচ্ছেন।‌ বিদ্যুতের দাম বাড়ানোর বিষয়টিকে ‘সমন্বয়ের কথা বলে ভাঁওতাবাজি করা হচ্ছে’ বলেও অভিযোগ করেন তিনি।

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করে গণতন্ত্র মঞ্চ।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading