আগামী নির্বাচনের ‘ড্রেস রিহার্সাল’ করেছে সরকার : প্রিন্স
উত্তরদক্ষিণ । রবিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৬:৩০
সদ্য অনুষ্ঠিত উপনির্বাচনের প্রসঙ্গ টেনে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ‘বাটপাড়ি মডেলের নির্বাচন করে আগামী নির্বাচনের ড্রেস রিহার্সাল করেছে সরকার। কিন্তু আগামী নির্বাচন নিয়ে আওয়ামী স্বপ্ন বাস্তবায়ন হবে না।’
আগামী ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ইউনিয়ন পদযাত্রা সফল করতে রোববার (০৫ ফেব্রুয়ারি) সকালে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের প্রস্তুতি সভায় এসব কথা বলেন প্রিন্স।
এমরান সালেহ প্রিন্স বলেন, ‘সম্প্রতি সরকারের পদত্যাগ ও সংসদ বাতিল চেয়ে বিএনপির এমপিরা পদত্যাগ করায় তাদের শূন্য আসনের উপনির্বাচন হয়েছে।
‘এ উপনির্বাচন আলোচনায় আনতে বিএনপি থেকে বহিস্কৃত সাত্তারকে ক্রয় এবং হিরো আলমদের ব্যবহারের মাধ্যমে বাটপারী মডেলের নির্বাচন করে আগামী নির্বাচনের ড্রেস বিহার্সাল করেছে আওয়ামী লীগ। কিন্তু আগামী নির্বাচন নিয়ে আওয়ামী স্বপ্ন বাস্তবায়ন হবে না।’
তিনি আরও বলেন, ‘উপনির্বাচনে অপকর্ম ফাঁস হয়ে যাওয়ায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজেদের অপকর্ম আড়াল করতে মিথ্যাচার করছেন। বিএনপি এত দেউলিয়া হয়ে যায়নি যে হিরো আলমকে হায়ারের মাধ্যমে নির্বাচন করে সংসদকে খাটো করতে হবে।’
প্রিন্স বলেন, ‘সংসদকে খাটো করার জন্য হিরো আলমকে এমপি করার কোনো দরকার নেই বিএনপির। ২০১৪ ও ২০১৮ সালের বিতর্কিত এবং নিষ্ঠুর প্রহসনের নির্বাচনের মাধ্যমে এ সংসদকে আওয়ামী লীগ ভোট ডাকাতদের আখড়ায় পরিণত করেছে।
‘সংসদ, সরকারে অনেক তথাকথিত হিরো আলম রয়েছেন, যারা বাংলাদেশকেই জিরোতে পরিণত করেছে। এরা সংসদকে শুধু খাটোই নয়, জনগণের অধিকার হরণ, প্রধানমন্ত্রী ও তার পরিবারের স্তুতি, বিরোধী দলের চরিত্র হনন, মিথ্যাচারের হাতিয়ারে পরিণত করেছে।’
’সম্প্রতি সংসদে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির বাহাসে আবারও প্রমাণিত হয়েছে, জনগণের ভোটে এ সংসদ নির্বাচিত হয়নি। সাজানো, পাতানো প্রহসনে ভাগ-বাটোয়ারায় এ সংসদ হয়েছে। এ সংসদে দেশে-বিদেশে কারও কোনো আস্থা-বিশ্বাস নেই। তারা প্রতিদিনই কৌতুক ছড়ান’, দাবি করেন প্রিন্স।
ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আসলাম মিয়া বাবুলের সভাপতিত্বে হালুয়াঘাট পুরাতন বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত এ প্রস্তুতি সভায় অন্যদের মধ্যে হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, অধ্যাপক আমজাদ আলী, আবদুল হামিদ, আব্দুল হাই, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি আবদুল আজিজ খান, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আসাদুজ্জামান আসিফসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
ইউডি/এ

