পড়াশোনায় ছেলেদের আরও বেশি মনোযোগ দিতে বললেন প্রধানমন্ত্রী
উত্তরদক্ষিণ । বুধবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৪:৪৫
শিক্ষার্থীদের উদ্দেশে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘ছেলেদের পড়াশোনায় আরও মনোযোগী হওয়া দরকার।’
বুধবার (০৮ ফেব্রুয়ারি) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের চামেলী হলে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘পাসের হারে আমি দেখলাম, মেয়েদের সংখ্যা একটু বেশি। প্রায় আড়াই শতাংশ বেশি। আমি বলব, ছেলেদের পড়াশোনায় আরও মনোযোগী হওয়া দরকার। আমি আশা করি, এ ক্ষেত্রে অভিভাবক ও শিক্ষক সবাই একটু মনোযোগী হবেন।’
তিনি আরও বলেন, ‘যারা পাস করেছে, তাদের অভিনন্দন জানাই। অভিনন্দন জানাই তাদের অভিভাবকদের। আর যারা পাস করতে পারেনি, তাদের আমি এটুকু বলব যে তারা যেন মন খারাপ না করে। তারা যেন নতুন উদ্যোগে পরীক্ষার জন্য প্রস্তুতি নেয়। কারণ আমাদের ছেলেমেয়েরা ফেল করবে কেন! ফেল করার তো কথা নয়।’
প্রধানমন্ত্রী বলেন, আমাদের ছেলেমেয়েরা আসলেই খুব মেধাবী। একটু সুযোগ পেলে তারা অসাধ্য সাধন করতে পারে, এটা আমরা জানি। সেটা বিবেচনায় রেখে আমি মনে করি, এদিকে বিশেষভাবে দৃষ্টি দেওয়া দরকার।
ইউডি/এ

