আমেরিকার আকাশ থেকে আবারো ‘অজ্ঞাত বস্তু’ ভূপাতিত
ওই বস্তুটি একটি ছোট গাড়ির মতো। সেখানে কোনো মানুষ ছিল না। সেটি বেসামরিক বিমান চলাচলে যথেষ্ট ঝুঁকি তৈরি করেছিল।
উত্তরদক্ষিণ । শনিবার, ১১ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৪:৩০
আমেরিকার আলাস্কার আকাশে আবারও অজ্ঞাত একটি বস্তু দেখা গেছে। পরে প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশে যুদ্ধবিমান পাঠিয়ে সেটি ধ্বংস করা হয়। আমেরিকার আকাশে চীনা গোয়েন্দা বেলুন নিয়ে দু’দেশের উত্তেজনার মধ্যেই ঘটল এমন ঘটনা। খবর বিবিসির।
গত বৃহস্পতিবার (০৯ ফেব্রুয়ারি) প্রথমবারের মতো বস্তুটি শনাক্ত করেন আমেরিকান সংশ্লিষ্ট কর্মকর্তারা। তবে ঠিক কখন সেটি শনাক্ত করা হয় তা জানানো হয়নি।
হোয়াইট হাউসের মুখপাত্র জন কিরবি বলেন, ওই বস্তুটি একটি ছোট গাড়ির মতো। সেখানে কোনো মানুষ ছিল না। সেটি বেসামরিক বিমান চলাচলে যথেষ্ট ঝুঁকি তৈরি করেছিল।
বস্তুটি কী উদ্দেশ্যে এবং কোথা থেকে পাঠানো হয়েছে—তা এখনো স্পষ্ট নয় বলে জানান কিরবি।
তিনি বলেন, ‘আমরা জানি না এটার মালিক কে। এটা কোনো রাষ্ট্রের, না করপোরেশনের না ব্যক্তিমালিকানাধীন তা জানি না।’
এর আগে গত ২ ফেব্রুয়ারি আমেরিকার উত্তর-পশ্চিমাঞ্চলের আকাশে চীনা গোয়েন্দা বেলুনের উপস্থিতি শনাক্ত করার কথা জানিয়েছিল পেন্টাগন। পরে শনিবার এফ-২২ যুদ্ধবিমান থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ে বেলুনটি ধ্বংস করে দেশটির সামরিক বাহিনী।

শুক্রবার হোয়াইট হাউসে কথা বলার সময় কিরবি জানান, বেলুনের ধ্বংসাবশেষের চেয়ে এই বস্তুর ধ্বংসাবশেষ অনেক অনেক ছোট।
তিনি জানান, বস্তুটি আলাস্কার আকাশের ৪০ হাজার ফুট উপর দিয়ে উড়ছিল। ২০ থেকে ৪০ কিলোমিটার গতিতে আলাস্কা অতিক্রমের পর সেটি উত্তর মেরুর দিকে যাচ্ছিল। এ সময় সেটি গুলি করে ভূপাতিত করা হয়।
বস্তুটি ভূপাতিত করার সময় সাগরের উপর ছিল। এরই মধ্যে বিউফোর্ট সাগর থেকে বস্তুটির ধ্বংসাবশেষ সংগ্রহ করতে হেলিকপ্টার ও পরিবহন বিমান পাঠানো হয়েছে।
ইউডি/এ

