ঘুমের ঘাটতিতে হৃৎপিণ্ডের ক্ষতি

ঘুমের ঘাটতিতে হৃৎপিণ্ডের ক্ষতি

উত্তরদক্ষিণ । সোমবার, ২০ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৪:৪৫

ঘুমের ঘাটতি ও অনিয়মের কারণে হৃদরোগের ঝুঁকি বাড়ে। সাম্প্রতিক এক গবেষণায় এ তথ্য জানানো হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আমেরিকান সংবাদমাধ্যম সিএনএন।

গত ১৫ ফেব্রুয়ারি জার্নাল অব দ্য আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনে ওই গবেষণা প্রকাশিত হয়েছে।

কম ঘুমানো ও অনিয়ম করে ঘুমানো এবং তার সঙ্গে ধমনীর গায়ে চর্বি, কোলেস্টেরল ইত্যাদি জমার (অ্যাথেরোস্ক্লেরোসিস) সম্পর্ক নিয়ে এটা প্রথম অনুসন্ধানগুলোর একটি।

এর আগের বিভিন্ন গবেষণায় ভালো ঘুম না হওয়া, ঘুমের পরিমাণ ঠিক না থাকা, ভেঙে ভেঙে ঘুম আসা ইত্যাদির সঙ্গে হৃদরোগ ও হৃদরোগের কারণে মৃত্যুর সম্পর্ক পাওয়া গিয়েছে।

তবে অ্যাথেরোস্ক্লেরোসিসের সঙ্গে ঘুমের সম্পর্ক নিয়ে খুব বেশি তথ্য অতীতে জানা যায়নি।

আমেরিকার বিভিন্ন রাজ্য থেকে গড়ে ৬৯ বছর বয়সী দুই হাজারের বেশি মানুষকে ২০০০ থেকে ২০০২ সালের মধ্যে দীর্ঘকালীন এ গবেষণার জন্য নির্বাচন করেন গবেষকেরা।

২০১০ থেকে ২০১৩ সালের মধ্যে এসব অংশগ্রহণকারীদের ঘুমের পরিস্থিতি মূল্যায়ন করা হয়। একই সময়ে তাদের হৃৎপিণ্ডের স্বাস্থ্যও নিয়মিত পরীক্ষা করা হয়।

এতে গবেষকরা দেখতে পান, যাদের ঘুমের ব্যাপ্তিকাল অনিয়মিত ছিল, তারা — যাদের ঘুমের পরিমাণ পর্যাপ্ত ছিল, তাদের তুলনায় — ১.৪ গুণ বেশি হৃদরোগের ঝুঁকিতে ছিলেন।

ন্যাশভিলের ভ্যান্ডারবিল্ট ইউনিভার্সিটি মেডিকেল সেন্টার-এর সহকারী অধ্যাপক ও গবেষণাটির প্রধান লেখক কেলসি ফুল বলেন, ‘এই ফলাফল এটিই ইঙ্গিত করে যে, নিয়মিত ঘুম হলে বা প্রতিরাতে ঘুমের পরিমাণ কাছাকাছি হলে তা হৃদরোগের ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’

শিকাগোর নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটি ফাইনবার্গ স্কুল অব মেডিসিন-এর প্রিভেন্টিভ মেডিসিন বিভাগের চেয়ার ড. ডোনাল্ড লয়েড-জোন্স বলেন, ‘হৃৎপিণ্ড ভালো রাখতে ঘুম গুরুত্বপূর্ণ।’

এছাড়া নিয়মিত বিশ্রাম না করলে হৃৎপিণ্ড ও সংবহনতন্ত্র চাপে থাকে বলেও জানান লয়েড-জোন্স।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading