চট্টগ্রাম-৮ আসনে উপনির্বাচন ২৭ এপ্রিল
উত্তরদক্ষিণ । বুধবার, ২২ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১২:৩০
চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনে আগামী ২৭ এপ্রিল উপনির্বাচন অনুষ্ঠিত হবে। বুধবার (২২ ফেব্রুয়ারি) নির্বাচন ভবনে ১৫-তম কমিশন সভা শেষে এ তথ্য জানান নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাঙ্গীর আলম।
ওইদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ইলেকট্রনিক ভোটিং মেশিনে(ইভিএম) ভোটগ্রহণ হবে। তবে এ আসনে সিসিক্যামেরা থাকবে না।
এর আগে বেলা ১১টায় প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে সভায় অন্যান্য কমিশনাররাও উপস্থিত ছিলেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৭ মার্চ। মনোনয়ন বাছাই ২৯ মার্চ। মনোনয়নপত্র আবেদন প্রত্যাহার ৫ এপ্রিল। প্রতীক বরাদ্দ ৬ এপ্রিল।
এ ভোটে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা।
গত ৫ ফেব্রুয়ারি রাজধানীর একটি হাসপাতালে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদ মৃত্যুবরণ করেন। এরপর আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়।
পরবর্তীতে আসন শূন্য ঘোষণার গেজেট ইসিতে এলে নির্বাচনের দিনক্ষণ ঠিক করল কমিশন। এ আসনটি এর আগেও একবার শূন্য হয়েছে ২০১৯ সালে।
মহাজোটের শরিক হিসেবে জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদ নেতা মইন উদ্দিন খান বাদল ২০১৮ সালের সংসদ নির্বাচিত হন। কিন্তু তিনি ২০১৯ সালের ৭ নভেম্বর মৃত্যুবরণ করেন। পরবর্তীতে ২০২০ সালের ১৩ জানুয়ারির উপনির্বাচনে জয়ী হয়ে সংসদে এসেছিলেন মোছলেম উদ্দিন আহমদ।
ইউডি/এ

