সোমালিয়ায় আল শাবাবের হামলায় নিহত ১০
উত্তরদক্ষিণ । বুধবার, ২২ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৬:০০
সোমালিয়ার রাজধানী মোগাদিসুর উত্তরাঞ্চলীয় আবদিয়াজ জেলায় এক সন্ত্রাসী হামলায় ১০ জন নিহত হয়েছেন। এ ছাড়া আরও চার সেনা ও তিন জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন।
মঙ্গলবারের (২১ ফেব্রুয়ারি) হওয়া এ হামলায় দায় স্বীকার করেছে আল কায়েদার সঙ্গে যুক্ত জঙ্গীগোষ্ঠী আল শাবাব। তাদের পক্ষ থেকে বলা হয়েছে, কিছু সামরিক কর্মকর্তা এবং তাদের বিরুদ্ধে লড়াই চালানো একটি মিলিশিয়া গোষ্ঠীর সদস্যদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে।
শুরুতে একজন আত্মঘাতি হামলাকারী গাড়ি বোমার বিস্ফোরণ ঘটানোর পর সশস্ত্র জঙ্গীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গোলাগুলি শুরু হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এই গোলাগুলির ঘটনা আট ঘণ্টা পর্যন্ত স্থায়ী হয়েছিল।
দেশটির তথ্য মন্ত্রণালয় থেকে নিহতের সংখ্যাটি নিশ্চিত করা হয়েছে। এ সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে চার জঙ্গীও নিহত হয়েছে।
আল শাবাব দাবি করেছে, তারা ৭০ জনকে হত্যা করেছে।
যদিও বার্তা সংস্থা রয়টার্স বলছে, মোগাদিসুর যে বাড়ির সামনে হামলার ঘটনাটি ঘটেছে, সে সময় দেশটির কয়েকজন আইনপ্রণেতা বাড়িটিতে অবস্থান করছিলেন এবং বাড়ির ভেতরেই ঢুকেই আল শাবাব ১০ জনকে হত্যা করে। কোনো আইনপ্রণেতা নিহত হয়েছেন কি না, তা জানা যায়নি।
গত বছরের আগস্টে সোমালিয়ার প্রেসিডেন্ট হাসান শেখ মুহাম্মদ আল শাবাবের বিরুদ্ধে অভিযান শুরু করার নির্দেশ দেন। এরপর থেকেই দেশটিতে জঙ্গীগোষ্ঠীর হামলার ঘটনা বৃদ্ধি পেয়েছে।
ইউডি/এ

