সংবাদমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করতে দিন: ইন্ডিয়াকে ব্রিটেন
উত্তরদক্ষিণ । বুধবার, ২২ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৮:১৫
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির দিল্লি ও মুম্বাই দফতরে সম্পতি অভিযান চালায় ইন্ডিয়ার আয়কর দফতর। প্রায় তিনদিন টানা অভিযান চালানো হয়। এ নিয়ে এবার সরব হয়েছে ব্রিটেন। দেশটি সংবাদমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়ার জন্য ইন্ডিয়ার প্রতি আহ্বান জানিয়েছে।
অভিযানের প্রায় এক সপ্তাহ পর ব্রিটেনের পার্লামেন্টে জানানো হয় যে তারা বিবিসির পাশে রয়েছে। খবর-বিবিসির
টোরি এমপি ডেভিড রাটলে বলেন, ‘আমরা বিবিসির পাশে রয়েছি। আমরা বিবিসির তহবিলে অর্থ দিই। আমরা মনে করি বিবিসির বিশ্ব পরিষেবা খুবই গুরুত্বপূর্ণ, আমরা চাই বিবিসি সম্পাদকীয় স্বাধীনতা পাক।’
এ প্রসঙ্গে তিনি মনে করিয়ে দেন, বিবিসি কনজার্ভেটিভ পার্টি ও লেবার পার্টিরও সমালোচনা করেছে। তার মতে, ‘এই স্বাধীনতাই আসল চাবিকাঠি। আর সেটা আমরা সারা পৃথিবীর সমস্ত বন্ধুকেও জানিয়ে দিতে চাই। যার মধ্যে ভারত সরকারও রয়েছে। সংবাদমাধ্যমকে কোনও ভয় ছাড়া কাজ করতে দেওয়া হোক।’
প্রসঙ্গত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে তৈরি বিবিসির তথ্যচিত্র নিয়ে বিতর্কের মধ্যেই প্রায় ৫৯ ঘণ্টা বিবিসির দিল্লি এবং মুম্বাইয়ের অফিসে ‘সমীক্ষা’ চালিয়েছিলেন আয়কর বিভাগের কর্তারা।
এরপরই ব্রিটিশ সংবাদমাধ্যমটি বিবৃতিতে বলে, এই আয়কর হানার কোনও প্রভাব তাদের সংবাদ পরিবেশনের উপর পড়বে না। আগের মতোই নির্ভয়ে এবং নিরপেক্ষভাবে সংবাদ পরিবেশন করবে তারা।।
ইউডি/কেএস

