‘নভেম্বরের মধ্যেই পৌঁছবে ২০২৪ সালের বই’

‘নভেম্বরের মধ্যেই পৌঁছবে ২০২৪ সালের বই’

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৬:৪৫

চলতি বছরের নভেম্বরের মধ্যেই ২০২৪ সালের বই পৌঁছে যাবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহম্মদ।

তিনি বলেছেন, ‘এবারের বই পাওয়া নিয়ে অনেক কথা হয়েছে। আমরা চাই না আর এমন হোক। তাই ২০২৩ সালের নভেম্বরের মধ্যেই আমরা ২৪ সালের বই পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করছি।’

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশের সময় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য দেন সচিব। এ সময় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন উপস্থিত ছিলেন।

পাঠ্যবই ছাপানোর জন্য মুদ্রণ প্রতিষ্ঠানের সঙ্গে দেরিতে চুক্তি হওয়া, কাগজ সংকট, পাল্প সংকট, বিদ্যুৎ বিভ্রাট, পাঠ্যবই ছাপা বাদ দিয়ে নোট-গাইড ছাপানো ইত্যাদি কারণে এবার সময়মতো সব বই ছাপানো সম্ভব হয়নি।

বই ছাপা শেষ না হওয়া অবস্থায়ই ১ জানুয়ারি সারাদেশে উদযাপন হয়েছে পাঠ্যপুস্তক দিবস-২০২৩। সেদিন দেশের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয়েছে একটি বা দুটি বই। ছাপা শেষে সব বই হাতে পেতে শিক্ষার্থীদের আরও অপেক্ষা করতে হয়।

প্রাথমিক ও গণশিক্ষা সচিব বলেন, ‘এবারের বই বর্তমান নিয়ম অনুযায়ী এনসিটিবিই ছাপাবে। পরের বছর আমরা প্রধানমন্ত্রীর কাছে সিদ্ধান্ত চাইব যে বই এনসিটিবিই ছাপাবে নাকি ভিন্ন কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে। সরকার থেকে যে সিদ্ধান্ত নেওয়া হবে সেটি আমরা মেনে নেব।’

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading