শাহরুখপত্নী গৌরীর বিরুদ্ধে এফআইআর
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার , ০২ মার্চ ২০২৩ । আপডেট ১৭:০০
মোটা অঙ্কের টাকা দিয়েও নির্ধারিত সময়ে মেলেনি ফ্ল্যাট। তাই বিশ্বাসভঙ্গের অভিযোগ মুম্বাইয়ের এক ব্যক্তি ‘বলিউড বাদশা’ শাহরুখ খানের স্ত্রী গৌরী খানের বিরুদ্ধে লখনউয়ের সুশান্ত গল্ফ সিটির পুলিশ স্টেশনে এফআইআর দায়ের করেছেন। তার অভিযোগ, ৮৬ লাখ রুপি মূল্য দিয়েও ফ্ল্যাটের চাবি হাতে পাননি তিনি।
গৌরী খান ছাড়াও এফআইআরে নাম রয়েছে তুলসিয়ানি কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের দুই শীর্ষকর্তা অনিল তুলসিয়ানি ও মহেশ তুলসিয়ানির। এফআইআর দায়েরকারী ওই ব্যাক্তির নাম যশবন্ত।
তার অভিযোগ, ৮৬ লাখ রুপি দিয়ে তাদের সংস্থার কাছ থেকে ফ্ল্যাট কিনেছিলেন তিনি। নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরেও ফ্ল্যাটের চাবি মেলেনি। তাই বিশ্বাসভঙ্গের অভিযোগে এফআইআর দায়ের করেছেন তিনি। ইন্ডিয়ান সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ওই ডেভেলপমেন্ট সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর গৌরী খান। তার দ্বারা প্রভাবিত হয়েই নাকি ওই সংস্থার ফ্ল্যাট কিনতে উদ্যোগী হয়েছিলেন যশবন্ত। যশবন্তের দাবি, গৌরী খান যেহেতু ওই সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর, এই বিশ্বাসভঙ্গের দায় তার উপরেও বর্তায়। তাই তার বিরুদ্ধেও অভিযোগ করেছেন তিনি।
বেশ কয়েক বছর আগে তুলসিয়ানি কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন গৌরী খান। তবে সম্প্রতি ওই সংস্থার সঙ্গে তার কোনো চুক্তি আছে কি না, তা জানা যায়নি।
ইউডি/এ

