প্রধানমন্ত্রীর জনসভা: মিছিলে মুখরিত ময়মনসিংহ নগর
উত্তরদক্ষিণ । শনিবার, ১১ মার্চ ২০২৩ । আপডেট ১৩:১৫
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনকে ঘিরে মিছিল আর স্লোগানে মুখরিত হয়ে উঠেছে ময়মনসিংহ নগর। নগরের ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠে শনিবার (১১ মার্চ) বিকেল ৩টায় প্রধানমন্ত্রীর জনসভা শুরু হওয়ার কথা থাকলেও সকাল ৯টা থেকে নগরীর বিভিন্ন সড়কে নেতা-কর্মীদের মিছিল শুরু হয়।
আওয়ামী লীগ আয়োজিত বিভাগীয় জনসভাস্থলে পছন্দমতো জায়গায় অবস্থান নিয়ে শেখ হাসিনার নজরে আসতে আগে থেকেই কর্মীদের নিয়ে মিছিল করে মাঠে প্রবেশ করেছেন দলের নেতারা।
নেত্রকোণা আটপাড়া উপজেলা আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম বলেন, ‘আমাদের আগে থেকেই টার্গেট ছিল নগরীতে মিছিল করে সকাল ৯টার মধ্যে মাঠে প্রবেশ করার। সেই লক্ষ্যে আমরা পাটগুদাম ব্রিজমোড় থেকে মিছিল করে সার্কিট হাউজ মাঠে যাচ্ছি।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরকে কেন্দ্র করে ময়মনসিংহ শহরে সাজ সাজ রব উঠেছে। তিনি এখানে শতাধিক প্রকল্পের উদ্বোধন করবেন বলে স্থানীয় নেতারা জানিয়েছেন।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে ব্যানার-ফেস্টুন, বিলবোর্ড আর তোরণে ছেয়ে গেছে নগরীর প্রতিটি রাস্তা, সড়কদ্বীপসহ বিভিন্ন এলাকার অলিগলি।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানাতে ভোর থেকেই নগরীর মোড়ে মোড়ে নেতা-কর্মীরা অবস্থান নিয়েছেন। আজকে স্মরণকালের সবচেয়ে বড় জনসভা হবে ময়মনসিংহে।
‘আমাদের নেত্রীর উন্নয়নের উপহার হিসেবে দলমত নির্বিশেষে জনসভা সফল করার জন্য মাঠে উপস্থিত থাকবে ময়মনসিংহবাসী।’
স্থানীয় নেতৃবৃন্দ জানান, জনসভায় অংশ নিতে ময়মনসিংহ ছাড়াও শেরপুর, জামালপুর, টাঙ্গাইল, নেত্রকোনা থেকে দলে দলে নেতাকর্মীরা মিছিল নিয়ে আসছেন।
এর আগে ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি করপোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু বলেছিলেন, ‘আমরা নেত্রীর জনসমাবেশে ১২ লাখের মতো মানুষের সমাগম ঘটিয়ে নেত্রীর মুখে হাসি ফুটাতে চাই। তাছাড়া আগামী নির্বাচনে আবারও নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় এনে প্রমাণ করতে চাই- প্রধানমন্ত্রীকে আমরা কতোখানি ভালোবাসি।’
বাসস জানিয়েছে, সার্কিট হাউজ মাঠের এই জনসভায় বক্তব্য রাখার পাশাপাশি প্রধানমন্ত্রী ময়মনসিংহ বিভাগের ১০৩টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এর মধ্যে উদ্বোধন করবেন ৭৩টি প্রকল্পের আর ৩০টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি।
এর আগে ২০১৫ সালের ১৩ অক্টোবর ময়মনসিংহ বিভাগ ঘোষণার পর ২০১৮ সালের ২ নভেম্বর সার্কিট হাউজের জনসভায় ১০৩টি প্রকল্পের উদ্বোধন ও ৯৩টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ইউডি/এ

