বেজমেন্টে মার্কেট করছে কারা, তালিকা তৈরির নির্দেশ
উত্তরদক্ষিণ । সোমবার, ১৩ মার্চ ২০২৩ । আপডেট ২০:৩০
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আওতাধীন সরকারি, ডেভেলপার ও ব্যক্তি পর্যায়ে ভবনগুলোর বেজমেন্ট মার্কেট হিসেবে ব্যবহার করা হচ্ছে। যেসব ভবনের বেজমেন্টে মার্কেট গড়ে তোলা হয়েছে সেগুলোর তালিকা তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (১৩ মার্চ) রাজউক সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে এক অফিস আদেশের মাধ্যমে এ বিষয়ে একটি কমিটি গঠন করে তালিকা তৈরির নির্দেশ দেন রাজউকের পরিচালক (উন্নয়ন নিয়ন্ত্রণ-২) মোহাম্মদ সামছুল হক।
আদেশে তিনি উল্লেখ করেছেন, ‘রাজউকের আওতাধীন আটটি জোনে সরকারি, ডেভেলপার ও ব্যক্তি পর্যায়ে কতগুলো ভবনের বেজমেন্ট মার্কেট হিসেবে ব্যবহৃত হচ্ছে এ তালিকা আগামী ১৬ মার্চের মধ্যে জমা দিতে হবে। এই তালিকা প্রণয়নের জন্য রাজউকের আটটি জোনে আলাদা আটটি কমিটি গঠন করা হয়েছে।’
আর এই সময়ের মধ্যে এই কমিটির সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে। কমিটিকে এই সময়ের মধ্যে একটি প্রতিবেদন তৈরি করে রাজউকের সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ) বরাবর পাঠাতে হবে।
রাজউক সূত্রে জানা গেছে, রাজউকের অঞ্চল-১ থেকে অঞ্চল-৮ এর পরিচালকদের আহ্বায়ক ও অথরাইজড অফিসারদের সদস্য সচিব করে প্রতিটি অঞ্চলের জন্য আলাদা কমিটি গঠন করা হয়েছে। একইভাবে সংশ্লিষ্ট জোনের সহকারী অথরাইজড অফিসার, প্রধান ইমারত পরিদর্শক ও ইমারত পরিদর্শককে প্রতিটি কমিটির বাকি সদস্য করা হয়েছে।
এর আগে গত ৯ মার্চ রাজউকের সদস্য (উন্নয়ন ও প্রশাসন) তন্ময় দাস বলেছিলেন, আগামী সাত দিনের মধ্যে রাজধানীর মার্কেটগুলোর বেইজমেন্ট পরীক্ষা করা হবে।
ওইদিন তিনি বলেন, ‘প্রথমে মার্কেট এবং রেস্তোরাঁর অনুমতি থাকতে হবে। দ্বিতীয়ত, কোনও বাজার বা রেস্তোরাঁ থাকলে বেসমেন্টে একটি বায়ুচলাচল ব্যবস্থা থাকতে হবে। আমরা শিগগিরই জরিপ শুরু করব এবং এ বিষয়ে ভবন মালিকদের প্রাসঙ্গিক নোটিশ জারি করব।’
তিনি আরও জানান, আটটি জোনের মধ্যে ২৪টি সাব-জোনে জরিপ করা হবে। মূলত রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারে একটি মার্কেটের বেইজমেন্ট থেকে বিস্ফোরণের ঘটনার পরে এসব উদ্যোগ নেয় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ।
ইউডি/এ

