প্রযোজক রহমতের বিরুদ্ধে শাকিব খানের ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

প্রযোজক রহমতের বিরুদ্ধে শাকিব খানের ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

উত্তরদক্ষিণ । সোমবার, ২৭ মার্চ ২০২৩ । আপডেট ১৭:৪৫

প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে এবার ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন চিত্রনায়ক শাকিব খান। ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াতের আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করতে সোমবার (২৭ মার্চ) দুপুর ১২টা ৫০ মিনিটে আদালতে আসেন তিনি। আদালত তার জবানবন্দি গ্রহণ করেন এবং তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দেন।

শাকিব খানের আইনজীবী তানভীর আহমেদ তনু বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এর আগে গত বৃহস্পতিবার একই আদালতে শাকিব খান মামলা করতে এলে বিচারক মামলা ফাইলিংয়ের সময় চলে যাওয়ায় মামলা না নিয়ে তার আইনজীবীকে সোমবার আসতে বলেন।

এদিকে চাঁদা দাবি ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ এনে সেদিনই রহমত উল্লাহর বিরুদ্ধে মামলা করেছেন শাকিব খান। মামলার অভিযোগে শাকিব উল্লেখ করেন, তিনি নাইট ক্লাবে গিয়ে অজ্ঞান হয়ে যান। এছাড়া আসামি রহমত উল্লাহ তাকে ভয়ভীতি দেখিয়ে ৪০ লাখ টাকা চাঁদা আদায় করেছেন।

অন্যদিকে, আপত্তিকর মন্তব্যের অভিযোগ এনে গত মঙ্গলবার (২১ মার্চ) শাকিব খানকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন প্রযোজক রহমত উল্লাহ। তার পক্ষে এ নোটিশ পাঠান আইনজীবী তবারক হোসেন ভুঁইয়া। নোটিশ পাওয়ার তিন দিনের মধ্যে শাকিব খানকে তার বক্তব্য প্রত্যাহার করতে বলা হয়েছে। অন্যথায় আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার অস্ট্রেলিয়া প্রবাসী বাঙালি প্রযোজক রহমত উল্লাহ শুটিংয়ে শিডিউল ফাঁসানো, অসদাচরণ, মিথ্যা আশ্বাস ও নারী সহ-প্রযোজককে ধর্ষণের মতো গুরুতর অভিযোগ তুলেছেন শাকিব খানের বিরুদ্ধে।

এই প্রযোজকের নামে মানহানি মামলা করতে ১৮ মার্চ রাতে গুলশান থানায় গিয়েছিলেন শাকিব খান। সেখানে তার মামলা নেওয়া হয়নি। পরের দিন সন্ধ্যায় মিন্টো রোডের ডিবি কার্যালয়ে এ বিষয়ে একটি লিখিত অভিযোগ করেন বলে গণমাধ্যমকে জানান শাকিব খান।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading