বিহারে বোমা বিস্ফোরণ, আহত ৫
উত্তরদক্ষিণ । রবিবার, ০২ এপ্রিল ২০২৩ । আপডেট ১৪:০০
ইন্ডিয়ার বিহার রাজ্যের সাসারাম শহরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবারের (০১ এপ্রিল) ওই বিস্ফোরণে পাঁচ জন আহত হয়েছেন। বিস্ফোরণের পরই দ্রুত আহত ব্যক্তিদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনা অধিকতর তদন্তে বিহার পুলিশের একটি ফরেনসিক দল সেখানে উপস্থিত হয়।
সাসারামের পুলিশ কর্মকর্তা ধর্মেন্দ্র কুমার বলেন, ‘একটি বোমা বিস্ফোরণ হয়েছে। আহতদের বিএইচিউ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা সব দিক মাথায় রেখেই ঘটনাটি তদন্ত করছি।’
তিনি জানিয়েছেন, বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি।
বিস্ফোরণটি হয়েছে একটি ঝুপড়ি ঘরে এবং সেই এলাকা থেকে একটি বাইকও জব্দ করেছে। পুলিশ বলছে, প্রাথমিকভাবে এটিকে সাম্প্রদায়িক ঘটনা বলে মনে হচ্ছে না।
এদিকে শনিবার বিহারে সাম্প্রদায়িক উত্তেজনা বৃদ্ধির খবর পাওয়া গেছে। রাজ্যের দুটি ভিন্ন অঞ্চলে দুই গোষ্ঠীর সংঘর্ষের ঘটনাও ঘটেছে। স্থানীয়রা বলছেন, বিহার শরীফের পাহাড়পুর এলাকায় এবং সোহসরাই থানার খাসগঞ্জ এলাকায় পৃথক সংঘর্ষে তিন জন গুলিবিদ্ধ হয়েছেন।
এর আগে শুক্রবার সাসারামেও সাম্প্রদায়িক সংঘাতের ঘটনা ঘটে।
উত্তেজনা কমিয়ে আনতে পুলিশ সংঘর্ষ হওয়া এলাকাগুলোতে ১৪৪ ধারা জারি করেছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জনগণকে গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছে।
ইউডি/এ

