মার্চে ধর্ষণ-হত্যাসহ নির্যাতনের শিকার ২৪৯ নারী ও কন্যাশিশু

মার্চে ধর্ষণ-হত্যাসহ নির্যাতনের শিকার ২৪৯ নারী ও কন্যাশিশু

উত্তরদক্ষিণ । রবিবার, ০২ এপ্রিল ২০২৩ । আপডেট ২১:১৫

চলতি বছরের মার্চে মোট ২৪৯ জন নারী ও কন্যা শিশু ধর্ষণ, দলবদ্ধ ধর্ষণ, হত্যাসহ নানা নির্যাতনের শিকার হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। এরমধ্যে ১২৯ জন নারী ও ১২০ জন কন্যাশিশু রয়েছে।

রোববার (০২ এপ্রিল) মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

মহিলা পরিষদের কেন্দ্রীয় লিগ্যাল এইড উপ-পরিষদে সংরক্ষিত ১৩টি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদ বিশ্লেষণ করে এই তালিকা তৈরি করা হয়েছে।

গণমাধ্যমে পাঠানো ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, পত্রিকায় প্রকাশিত সংবাদ অনুসারে ২০২৩ সালের মার্চ মাসে মোট ২৪৯ জন নারী ও কন্যা নির্যাতনের শিকার হয়েছে। এরমধ্যে ধর্ষণের শিকার হয়েছে ২৭ জন কন্যাসহ ৩৭ জন। যারমধ্যে পাঁচ জন কন্যাসহ ১০ জন দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। আর পাঁচ জন কন্যা শিশুসহ সাত জনকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এছাড়াও ধর্ষণচেষ্টার শিকার হয়েছেন সাত জন কন্যা শিশুসহ মোট ৯ জন।

নির্যাতনের চিত্র তুলে ধরে এতে বলা হয়, উল্লেখিত সময়ে যৌন নিপীড়নের শিকার হয়েছে ৭ কন্যাসহ মোট ১২ জন। পাশাপাশি উত্ত্যক্তের শিকার হয়েছে ৫ জন নারী ও কন্যা শিশু। এরমধ্যে উত্ত্যক্ত করার কারণে আত্মহত্যা করেছে ২ জন কন্যা শিশু। আর নারী ও কন্যা পাচারের ঘটনা ঘটেছে ৪টি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মার্চে অগ্নিদগ্ধের শিকার হয়েছে দুইজন। পাশাপাশি যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছে ৪ জন। আর শারীরিক নির্যাতনের শিকার ২৮ জন। যার মধ্যে ২৮ কন্যা শিশু রয়েছে। এ সময় এক গৃহকর্মীর আত্মহত্যার ঘটনা ঘটেছে।

মহিলা পরিষদের তথ্য অনুযায়ী, এই সময়ে বিভিন্ন কারণে ৬ জন কন্যাসহ ৪০ জনকে হত্যা করা হয়েছে। ৬ কন্যাসহ ২২ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। আর ৪ জন কন্যাসহ ১০ জনের আত্মহত্যার ঘটনা ঘটেছে। যারমধ্যে ১ জন কন্যাসহ ৪ জন আত্মহত্যার প্ররোচনার শিকার হয়েছেন। এছাড়াও দুইজন আত্মহত্যার চেষ্টা করেছেন। আর ৯ কন্যা শিশু অপহরণের শিকার হয়েছে। সেই সঙ্গে একজনকে অপহরণের চেষ্টা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, শুধুমাত্র মার্চ মাসে পুলিশি নির্যাতনের শিকার হয়েছে তিনজন। পাশাপাশি ২ জন কন্যাসহ ৪ জন সাইবার অপরাধের শিকার হয়েছে। এ সময় বাল্য বিবাহের চেষ্টা হয়ে ৬টি। এছাড়াও ৯ জন বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছে। যার মধ্যে ৬ জন নারী ও তিনজন কন্যা শিশু রয়েছে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading