জামিন পেলেন প্রথম আলো সাংবাদিক শামসুজ্জামান শামস
উত্তরদক্ষিণ । সোমবার, ০৩ এপ্রিল ২০২৩ । আপডেট ১৬:৩০
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানকে ২০ হাজার টাকার মুচলেকায় জামিন দিয়েছেন আদালত।
সোমবার (০৩ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের আদালত জামিন শুনানি শেষে এ আদেশ দেন।
এদিন জামিন চেয়ে আসামিপক্ষের আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার শুনানি করেন। রাষ্ট্রপক্ষের মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।
এর আগে এ মামলার প্রধান আসামি মতিউর রহমান রোববার আগাম জামিন পাওয়ায় আজ সোমবার (০৩ এপ্রিল) ২নং আসামির পক্ষে এ জামিনের আবেদন করা হয় বলে জানিয়েছেন প্রথম আলোর আইনজীবী প্রশান্ত কর্মকার।
এর আগে রোববার (০২ এপ্রিল) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ প্রথম আলো সম্পাদক মতিউর রহমানকে ছয় সপ্তাহের আগাম জামিন দেন।
গত বুধবার (২৯ মার্চ) মধ্যরাতে ডিজিটাল নিরাপত্তা আইনে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে রমনা থানায় মামলা করা হয়।
মামলাটি করেছেন আব্দুল মালেক নামে এক ব্যক্তি, যিনি নিজেকে সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে পরিচয় দিয়েছেন। একই সঙ্গে তিনি নিজেকে ‘বঙ্গবন্ধু ফাউন্ডেশন’ নামে একটি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি দাবি করেছেন।
মামলায় প্রথম আলোর সম্পাদক ছাড়াও পত্রিকাটির নিজস্ব প্রতিবেদক (সাভারে কর্তরত) শামসুজ্জামান শামস, সহযোগী একজন ক্যামেরা পারসন এবং প্রতিবেদনটি প্রচার-প্রকাশের সঙ্গে জড়িত অজ্ঞাত ব্যক্তিদের আসামি করা হয়।
ইউডি/এ

