নাটোরে ধর্ষণ মামলায় ৬ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন

নাটোরে ধর্ষণ মামলায় ৬ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন

উত্তরদক্ষিণ । বুধবার, ০৫ এপ্রিল ২০২৩ । আপডেট ১২:১৫

নাটোরের সিংড়ায় স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ মামলায় ছয়জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া চারজনকে দেওয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড। একই মামলায় একজনকে বেকসুর খালাস দেওয়া হয়।

বুধবার (০৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুল রহিম এ রায় দেন। রায় ঘোষণার সময় ১১ আসামি-ই আদালতে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: পাঁচ বছর স্বেচ্ছায় সহবাসের পর ধর্ষণ মামলা

রাষ্ট্রপক্ষের পিপি অ্যাডভোকেট আনিসুল রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন— মো. ছাব্বির আহম্মেদ, মো. রেজাউনুল রাব্বি, মো. নাজমুল হক, মো. রাজিবুল হাসান, মো. রিপন ও মো. শহিদুল।

যাবজ্জীবনপ্রাপ্ত আসামিরা হলেন— মো. মনিরুল ইসলাম, মো. খায়রুল ইসলাম, মো. আতাউল ইসলাম আতাউর এবং মো. রেজাউল করিম।

মামলার সূত্রে জানা গেছে, ২০১২ সালে ১৯ অক্টোবর বেলা ১১টার দিকে ভিকটিম কলেজের উদ্দেশে বের হয়। এসময় পথে পরিচিত আসামি সাব্বির আহমেদের সঙ্গে ওই কলেজ ছাত্রীর দেখা হয়। পরে ভিকটিমকে ফুসলিয়ে বেড়ানোর কথা বলে নাটোরের সিংড়া উপজেলার পেট্রোবাংলা এলাকায় নিয়ে আসে। সেখানে আসামি নাজমুল হক, মো. রাজিবুল হাসান, মো. রিপন ও মো. শহিদুল ওই কলেজ ছাত্রীকে বেড়ানোর কথা বলে ভ্যানযোগে কলম মির্জাপুর গ্রামে নিয়ে যায়।

পরে রাত হলে ওই ছাত্রী বাড়ি ফেরার কথা বললে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখায় আসামিরা। পরে রাত সাড়ে ৯টার দিকে আসামি মো. মনিরুল ইসলাম, মো. খায়রুল ইসলাম, মো. আতাউল ইসলাম এবং মো. রেজাউল করিমসহ আরও ২/৩ জন মিলে কলম মির্জাপুর এলাকার ঈদগাঁ মাঠে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। এসময় স্থানীয় লোকজন বুঝতে পেরে ওই ছাত্রীকে অজ্ঞান অবস্থায় উদ্ধার এবং আসামিদের আটক করে।

পরে পুলিশ ঘটনাস্থল থেকে আসামিদের আটক করে থানায় নিয়ে যায়। পরে ওই কলেজছাত্রীর বাবা বাদী হয়ে সিংড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষণ মামলায় মামলা করেন। দীর্ঘ প্রায় ১২ বছর পর সাক্ষ্য প্রমাণ শেষে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আব্দুর রহিম ছয় জনের মৃত্যুদণ্ড ও চার জনের যাবজ্জীবন কারাদণ্ড দেন। এসময় একজন নির্দোষ প্রমাণিত হওয়ায় তাকে খালাস দেন বিজ্ঞ আদালত।

আরও পড়ুন: ধর্ষণ মামলা থেকে সাবেক এমপি আরজুকে অব্যাহতি

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading