শ্রদ্ধা নিবেদনের জন্য ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ শহীদ মিনারে
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩ । আপডেট ১০:৫০
সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য বীর মুক্তিযোদ্ধা ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ রাখা হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারে।
বারডেমের হিমঘর থেকে বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকাল ১০টার দিকে তার মরদেহ শহীদ মিনারে নেওয়া হয়।
এর আগে বুধবার (১২ এপ্রিল) গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন আলতাফুন্নেছা সংবাদ সম্মেলনে জানান, সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। দুপুর ২টায় রাষ্ট্রীয়ভাবে তাকে গার্ড অব অনার দেয়া হবে।
ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
এছাড়া জানাজার জন্য দুপুর আড়াইটায় সোহরাওয়ার্দী উদ্যানে নেওয়া হবে মরদেহ। এর পরদিন শুক্রবার (১৪ এপ্রিল) সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে সকাল ১০টা থেকে শ্রদ্ধা নিবেদন এবং বাদ জুমা তার দ্বিতীয় জানাজা হবে। তবে দাফনের বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।
মঙ্গলবার (১১ এপ্রিল) রাত সোয়া ১১টার দিকে ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে মারা যান ডা. জাফরুল্লাহ।
গত ৫ এপ্রিল গুরুতর অসুস্থ হয়ে পড়লে ডা. জাফরুল্লাহকে গণস্বাস্থ্য নগর হাসপাতালে নেওয়া হয়। তার শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় রোববার (৯ এপ্রিল) দুপুরে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়।
সোমবার (১০ এপ্রিল) শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ডা. জাফরুল্লাহ চৌধুরীকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। তিনি গণস্বাস্থ্য নগর হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে ছিলেন।
৮২ বছর বয়সী ডা. জাফরুল্লাহ চৌধুরী দীর্ঘদিন কিডনি জটিলতায় ভুগছিলেন। করোনার পর কিডনি সমস্যার পাশাপাশি তার লিভারের সমস্যা দেখা দেয়। এছাড়া তিনি অপুষ্টিজনিত রোগসহ গুরুতর সেপটিসেমিয়ায় আক্রান্ত ছিলেন।
ইউডি/এ

