অবশেষে গুচ্ছেই থাকছে জবি

অবশেষে গুচ্ছেই থাকছে জবি

উত্তরদক্ষিণ । রবিবার, ১৬ এপ্রিল ২০২৩ । আপডেট ১৮:০০

২০২২-২৩ শিক্ষাবর্ষে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা কার্যক্রমেই থাকছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। রবিবার (১৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শনিবার (১৫ এপ্রিল) বিগত সময়ের সবগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা কার্যক্রম সম্পন্ন করার জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) দায়িত্ব দেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। রাষ্ট্রপতির নির্দেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্ম সচিব মো. মাহমুদুল আলম স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।

এ বিষয়ে জবি উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক বলেন, প্রজ্ঞাপন পেয়েছি ইতোমধ্যেই। রাষ্ট্রপতির আদেশ মানতে আমরা বাধ্য। এর বাইরে যাবার সুযোগ নেই। সুতরাং এবার গুচ্ছ পদ্ধতিতেই থাকছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। দ্রুতই এই সংক্রান্ত বিজ্ঞপ্তি দেওয়া হবে। উপাচার্য বলেন, ইউনিট ভর্তি কমিটিগুলো তাদের কাজ করে যাবে। এ বছরের ভর্তি পরীক্ষায় সেকেন্ড টাইমও থাকবে। বিজ্ঞপ্তিতে অন্যান্য সব বিষয় বিস্তারিত থাকবে।

তবে বিষয়টি নিয়ে এখনও কোনো মন্তব্য করেনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। এ ব্যাপারে জবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম বলেন, ‘আমরা সাধারণ সভা করব। যেহেতু মহামান্য রাষ্ট্রপতি একটি আদেশ দিয়েছেন তাই সভায় আমরা বিষয়টি নিয়ে আলোচনা করব। কবে সভা হবে সেটি আলোচনা সাপেক্ষে নির্ধারণ করতে হবে।’ এছাড়া শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আবুল কালাম মো. লুৎফর রহমান বলেন, ‘সাধারণ সভাতেই এ বিষয়ে আলোচনা হবে। এর বাইরে আমরা এখন কিছু বলতে পারব না। যেহেতু ঈদের বন্ধের আর একদিন বাকি, তাই ঈদের পরই হয়তো সভা আয়োজন করা হবে। সভায় যা সিদ্ধান্ত হবে, সেটি জানিয়ে দেওয়া হবে।’

শিক্ষক সমিতির দাবি ও আন্দোলনের প্রেক্ষিতে একাডেমিক কাউন্সিলের সভায় চলতি বছর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়। পরবর্তীতে বিষয়টিতে কেন্দ্রীয় ভর্তি কমিটি ও ইউনিট ভর্তি কমিটি গঠন করা হয়। তারই ধারাবাহিকতায় ইবি নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষার নেওয়ার লক্ষ্যে ইতোমধ্যেই ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এছাড়া আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়ও গুচ্ছে না থাকতে মত প্রকাশ করে। সবশেষ সবগুলো বিশ্ববিদ্যালয়কেই গুচ্ছ ভর্তি পদ্ধতিতে রাখতে প্রজ্ঞাপন জারি করে ইউজিসিকে দায়িত্ব দিলেন বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য ও রাষ্ট্রপতি আবদুল হামিদ।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading