নগর পরিবহনে যুক্ত হবে ১০০টি ইলেকট্রিক বাস
উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ০৯ মে ২০২৩ । আপডেট ২১:০০
চলতি বছরেই ঢাকা নগর পরিবহনের বহরে ১০০টি ইলেকট্রিক বাস যুক্ত করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। মঙ্গলবার (০৯ মে) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবনের বুড়িগঙ্গা হলে বাস রুট রেশনালাইজেশন কমিটির ২৭তম সভা শেষে এ তথ্য জানান তিনি।
মেয়র তাপস বলেন, যাত্রীদের সুবিধার কথা চিন্তা করেই মূলত চলতি বছরের মধ্যেই ঢাকা নগর পরিবহনের বহরে ১০০টি ইলেকট্রিক বাস সংযোজন করা হবে। এছাড়া নগর পরিবহনে যাত্রী সেবার মান অক্ষুণ্ণ রাখা ও শৃঙ্খলা নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।
এর আগের বৈঠকে অর্থাৎ ২৬তম সভায় সিদ্ধান্ত হয়েছিল, বাস রুট রেশনালাইজেশনের আওতায় ঢাকা নগর পরিবহনের নতুন ২৪ ও ২৫ নম্বর রুটে ৫০টি বাস চলাচল করবে। ঘাটারচর থেকে আব্দুল্লাহপুর পর্যন্ত পৃথক এই দুইটি সার্কুলার রুটে বাস সার্ভিস চালু হলে মেট্রোরেলের সঙ্গে যাত্রীদের কানেক্টিভটি বাড়বে বলে জানানো হয়েছিল।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রয়াত মেয়র আনিসুল হক রুটভিত্তিক কোম্পানির অধীনে বাস চালানোর উদ্যোগ নিয়েছিলেন ২০১৫ সালে। পরে ২০১৭ সালের ৩০ নভেম্বর আনিসুল হক মারা যাওয়ার পর বাস রুট রেশনালাইজেশন কমিটির ব্যবস্থাপনার দায়িত্ব পান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তৎকালীন মেয়র সাঈদ খোকন। তিনি ১১টি সভা করেছেন। এরপর নতুন মেয়র শেখ ফজলে নূর তাপস কমিটির দায়িত্ব পান। এরই ধারাবাহিকতায় আজ ২৭ তম সভা অনুষ্ঠিত হলো।
২০২১ সালের ২৬ ডিসেম্বর বাস রুট র্যাশনালাইজেশনের আওতায় ঘাটারচর-মোহাম্মদপুর-জিগাতলা-প্রেস ক্লাব-মতিঝিল.যাত্রাবাড়ী-কাঁচপুর পর্যন্ত বাস চলাচল শুরু হয়। এটি নগর পরিবহনের ২১ নম্বর রুট। এই রুটে বেসরকারি ট্রান্স সিলভা পরিবহন বাস পরিচালনা করে আসছিল। তবে তাদের অনুমোদন বাতিল করা হয়েছে বলে মঙ্গলবারের সভা শেষে জানিয়েছেন মেয়র তাপস।
তিনি বলেন, ২১ নম্বর রুটে বাস পরিচালনায় ট্রান্স সিলভা ব্যর্থ হয়েছে। সুতরাং পুরো যাত্রাপথে বিআরটিসির বাস চলাচল করবে। নগর পরিবহনে চালানোর জন্য যে অনুমোদন ছিল তা বাতিল করা হবে। তাদের বাসগুলো জব্দ করা হবে। এছাড়া এই যাত্রাপথের যে অনুমতি নেওয়া হয়েছিল তাও বাতিল হয়ে যাবে। এখন থেকে এই পথে বিআরটিসির বাস চলবে, বিআরটিসির বাস বাড়ানো হবে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, সবুজ গুচ্ছের আওতায় ২১ থেকে ২৮ নম্বর এই আটটি রুটে বাস পরিচালনার সিদ্ধান্ত হয়েছে। এরমধ্যে ২১ থেকে ২৫ নম্বর রুটে বাস চলাচল করছে। বাকি রুটগুলোয় বাস পরিচালনার জন্য আগ্রহী কোম্পানিগুলোর কাছ থেকে দরপত্র আহ্বান করা হবে। ২৪, ২৫, ২৭ এবং ২৮ নম্বর-এই চারটি রুটে আমরা একসঙ্গে বাস পরিচালনা করব। একসঙ্গে টেন্ডার আহ্বান করেছি। এতে সবুজ ক্লাস্টারে বাস পরিচালনার ফলাফল কী আসে তা আমরা দেখতে চাচ্ছি।
মেয়র আতিক বলেন, শহর থেকে বাস টার্মিনালগুলো কত তাড়াতাড়ি ঢাকার বাইরে নেওয়া যায় সে বিষয়ে সভায় আলোচনা হয়েছে। এজন্য গ্রাম ভাটুলিয়া, সাভারের হেমায়েতপুর, কাঁচপুর এবং বাঘাইলে জমি দেখা হয়েছে।আমরা দুই মেয়র এবং সংশ্লিষ্ট সবাই মিলে কয়েকটি জায়গা দেখেছি। আমরা জমি অধিগ্রহণের দিকে যাচ্ছি।
ঢাকা সড়ক পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক সাবিহা পারভীন, বিআরটিসির চেয়ারম্যান মো. তাজুল ইসলাম, বিআরটিএর চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার, বিভিন্ন সংস্থার কর্মকর্তারা এবং সড়ক পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
ইউডি/এ

